লাহোর বোর্ডের এই পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ৩.৮ লক্ষ ছাত্রছাত্রী। তার মধ্যে পাশ করেছে মাত্র ৪৫ শতাংশ। সেই প্রেক্ষিতে অঙ্করের এই কৃতিত্ব আরও উজ্জ্বল। তাই তাঁকে নিয়ে এখন কার্যত গোটা পাকিস্তানে আলোচনা চলছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 21 August 2025 14:55
দ্য ওয়াল ব্যুরো: লাহোরের (Lahore) বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (BISE)–এর নবম শ্রেণির পরীক্ষায় দারুণ ফল করল ১৫ বছরের এক শিখ ছাত্র (Sikh Student), ওঙ্কার সিং। যে আটটি বিষয়ে পরীক্ষা হয়েছে তার সবকটিতেই এ+ নম্বর পেয়েছে সে।
বিষয়ভিত্তিক দেখতে গেলে, ইসলামিয়াতে (Islamiyat) সে পেয়েছে ১০০–র মধ্যে ৯৮ নম্বর। পাশাপাশি ইংরেজি, উর্দু, পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যা সহ সবক’টি বিষয়েই ওঙ্কার এ+ গ্রেড অর্জন করেছে। কোরান শরিফের অনুবাদ বিষয়েও তার প্রাপ্ত নম্বর ৪৯ (৫০–এর মধ্যে)।
ওঙ্কার লাহোরের বাসিন্দা মিনমল সিং–এর ছেলে। অনেকের মতে, ইসলাম ও কোরান (Quran) অনুবাদের মতো ধর্মীয় বিষয়েও তার কৃতিত্ব প্রমাণ করে যে, ভিন্ন ধর্মে থেকেও সে কেবল পরিশ্রমই করেনি, বরং অন্য ঐতিহ্যকেও বোঝার চেষ্টা করেছে।
লাহোর বোর্ডের এই পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ৩.৮ লক্ষ ছাত্রছাত্রী। তার মধ্যে পাশ করেছে মাত্র ৪৫ শতাংশ। সেই প্রেক্ষিতে অঙ্করের এই কৃতিত্ব আরও উজ্জ্বল। তাই তাঁকে নিয়ে এখন কার্যত গোটা পাকিস্তানে আলোচনা চলছে।
তবে ওঙ্কারের ইসলামিয়াতের নম্বর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। কেউ কেউ পাকিস্তানে সংখ্যালঘু হওয়ার কারণে শিখ বা হিন্দু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আক্ষেপ করেছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন - পাঞ্জাব প্রদেশে পাঞ্জাবি ভাষা বাদ দিয়ে কেন উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছে?

তথ্য অনুযায়ী, ১৯৪৭–এ পাকিস্তানে প্রায় ২০ লক্ষ শিখ বাস করত। এখন সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ১৫–২০ হাজারে (কিছু সূত্র মতে ৮ হাজারও হতে পারে)। পাকিস্তানের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম শিখ সম্প্রদায়!
শুধু শিখ নয়, পাকিস্তানে হিন্দুদের সংখ্যা এখন মাত্র ২ শতাংশ এবং খ্রিস্টানদের ১.৩ শতাংশ। এমনকী শিয়া মুসলিম সংখ্যালঘুরাও কমবেশি বৈষম্যের শিকার হন বলে অভিযোগ ওঠে।
সব মিলিয়ে, সংখ্যালঘু পরিবারের ছেলে হয়েও ওঙ্কারের এই কৃতিত্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার এক বিরল দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে। শীঘ্রই লাহোর–সহ পাঞ্জাবের সব বোর্ডের সেরা ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে।