মহাকাশের বুকে একেবারে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এবার ভাইরাল হল তাঁর চুল কাটার ভিডিও।

শুভাংশু শুক্লা
শেষ আপডেট: 15 July 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: মহাকাশের বুকে একেবারে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এবার ভাইরাল হল তাঁর চুল কাটার ভিডিও। দেখা যাচ্ছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ভেসে ভেসে মাইক্রো-গ্র্যাভিটিতে আমেরিকান মহাকাশচারী নিকোল আয়ার্স শুভাংশুর চুল কাটছেন।
আয়ার্স পরে মজা করে লেখেন, “গত সপ্তাহান্তের ওই চুল কাটার স্মৃতি মনে পড়ছে। দীর্ঘ কোয়ারেন্টাইনের পর ওদের জন্য এটা অনেকটা স্বস্তির ছিল। আমরা মজা করে বলছিলাম, আমি যদি পৃথিবীতে ফিরে গিয়ে চুল কাটার ব্যবসা শুরু করি, তবে ভবিষ্যৎ কেমন হবে, জানি না!”
শুভাংশুর মহাকাশযাত্রা বারবার স্থগিত হওয়ায় তাঁকে কেনেডি স্পেস সেন্টারে প্রায় এক মাস কোয়ারেন্টাইনে থাকতে হয়। শেষে অ্যাক্সিয়ম-৪ মিশনের অংশ হয়ে ১৮ দিনের জন্য মহাকাশে যান তিনি। ISS-এ তাঁর দাড়ি গজালেও পরে তাঁকে ক্লিন শেভে দেখা যায়।
📸 Gp Capt Shubhanshu Shukla gets a haircut in space 💇♂️ pic.twitter.com/Bq3hE6jRhp
— ISRO Spaceflight (@ISROSpaceflight) July 15, 2025
মহাকাশে সাধারণ স্নান সম্ভব নয়। তাই মহাকাশচারীরা ব্যবহার করেন ভেজা তোয়ালে ও ওয়েট ওয়াইপস। ইউরোপীয় মহাকাশচারী থমাস পেসকেট NDTV-কে বলেন, “কোনও প্রবাহমান জল নেই, নেই বাথটাব বা স্পা। কিন্তু আমরা পরিষ্কার থাকি। কারণ মহাকাশে ধুলো-ঘাম কম, আর আমরা নিয়মিত নিজেকে মুছি।”
সব মিলিয়ে এক বিরল অভিজ্ঞতা শুভাংশুর ঝুলিতে। ঘণ্টায় ২৮,০০০ কিমি বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় মহাকাশে বসে চুল কাটা—এই স্মৃতি চিরকাল তাঁর সঙ্গী হয়ে থাকবে।
এই অভিজ্ঞতার শেষে নির্ধারিত সূচি মেনেই শুরু হয়েছে তাঁর ফেরার প্রক্রিয়া। সোমবার বিকেল ৪টা ৪৫ মিনিটে (ভারতীয় সময়) আইএসএস থেকে সফলভাবে আনডক করে স্পেসএক্স-এর ‘ক্রু ড্রাগন’ ক্যাপসুল। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার বিকেল ৩টের দিকে ক্যালিফোর্নিয়ার উপকূলে জলছোঁয়া করবে ক্যাপসুলটি। তার আগে ‘ডিপার্ট বার্ন-১’ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নাসা।