গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশ থেকে সফলভাবে ফিরে আসায় অভিনন্দন জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
শেষ আপডেট: 15 July 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশ থেকে সফলভাবে ফিরে আসায় অভিনন্দন জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “শুভাংশুর প্রত্যাবর্তন প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের। তিনি শুধু মহাকাশ ছোঁয়নি, ভারতের আশা-আকাঙ্ক্ষাকেই পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায়।”
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পর্যন্ত যাত্রা এবং সেখান থেকে সফলভাবে ফিরে আসা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি ভারতের মহাকাশ অভিযানের ক্ষেত্রেও এক বড় পদক্ষেপ। আগামী দিনেও ওর আরও সাফল্য কামনা করি।”
প্রসঙ্গত, অ্যাক্সিয়ম-৪ মিশনের অংশ হিসেবে মহাকাশে গিয়ে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন শুভাংশু শুক্লা। তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে দীর্ঘ সময় কাটিয়ে ফিরলেন।
Group Captain Shubhanshu Shukla’s successful return from the historic Axiom-4 mission is a proud moment for every Indian. He has not just touched space, he has lifted India’s aspirations to new heights.
His journey to the International Space Station and back is not just a…— Rajnath Singh (@rajnathsingh) July 15, 2025
১৮ দিনের মহাকাশ যাত্রা শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ও তাঁর তিন সহযাত্রী। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টা ১ মিনিটে প্রশান্ত মহাসাগরের জলে সফলভাবে অবতরণ করে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’। তারপরই শুরু হয় স্বাস্থ্যপরীক্ষা। একে একে ক্যাপসুল থেকে বের করে আনা হয় অভিযাত্রীদের।
মিশনের শেষ পর্বে ঠিক সময়মতো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে ড্রাগন ক্যাপসুল। তখন সেটি ছিল ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলের কাছাকাছি। প্রবল ঘর্ষণ ও তাপের মধ্যে দিয়ে ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিমি গতিতে ছুটে আসছিল মহাকাশযানটি। তারপর গতি ধাপে ধাপে কমিয়ে আনা হয়।
শেষপর্যন্ত খুলে যায় চারটি প্যারাস্যুট। সেগুলির সাহায্যে ধীরে ধীরে ভেসে প্রশান্ত মহাসাগরের জলে নামে ড্রাগন। এর মধ্য দিয়েই সফলভাবে শেষ হল অ্যাক্সিয়ম-৪ মিশনের ফেরার পর্ব। একদিকে যেমন বিজ্ঞানচর্চার নতুন দিগন্ত খুলল, তেমনই ইতিহাস গড়লেন শুভাংশু শুক্লা—আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় হিসেবে।