সাইবেরিয়ার এয়ারলাইন আঙ্গারা পরিচালিত বিমানটি আমুর অঞ্চলের চিনা সীমান্ত সংলগ্ন শহর টাইন্ডার দিকে যাচ্ছিল।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 July 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: ৫০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বিমান রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলে নিখোঁজ হয়ে গিয়েছে, জানাল রুশ বিমান নিয়ন্ত্রণ সংস্থা। তাদের সূত্র জানিয়েছে, ‘আন-২৪’ মডেলের এই বিমানটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাইবেরিয়ার এয়ারলাইন আঙ্গারা পরিচালিত বিমানটি আমুর অঞ্চলের চিনা সীমান্ত সংলগ্ন শহর টাইন্ডার দিকে যাচ্ছিল।
রয়টার্স সূত্রে খবর, স্থানীয় দুর্যোগ মোকাবিলা মন্ত্রক জানিয়েছে, বিমানটি গন্তব্যের খুব কাছাকাছি এসে পড়েছিল। তারপর আচমকা র্যাডার থেকে উধাও হয়ে যায়।
আঞ্চলিক রাজ্যপাল ভাসিলি অরলভ টেলিগ্রামে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে মোট ৪৩ জন যাত্রী, যার মধ্যে ৫ জন শিশু, এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।
তিনি লেখেন, “বিমানটি খোঁজার জন্য প্রয়োজনীয় বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে এবং সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এক রুশ সংবাদ সংস্থা সূত্র বলছে, “টাইন্ডা বিমানবন্দরের কয়েক কিলোমিটার আগেই নির্ধারিত এক চেকপয়েন্টে এসে বিমানটির যোগাযোগ ব্যবস্থা ব্যর্থ হয়।”
নিখোঁজ বিমানটি কোথায় গেল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি উদ্ধার তল্লাশি অভিযান জারি রয়েছে।