রবিবার রাত ছিল ইউক্রেনের আকাশে আগুনের রাত। তিন বছরের যুদ্ধে এই প্রথমবার এত বড় মাপের আকাশপথে হামলা চালাল রাশিয়া— দাবি ইউক্রেন সেনার।

ফাইল ছবি
শেষ আপডেট: 29 June 2025 19:04
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাত ছিল ইউক্রেনের (Ukraine) আকাশে আগুনের রাত। তিন বছরের যুদ্ধে এই প্রথমবার এত বড় মাপের আকাশপথে হামলা চালাল রাশিয়া (Russia)— দাবি ইউক্রেন সেনার।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই হামলায় রাশিয়া একযোগে ব্যবহার করেছে ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। পশ্চিম, দক্ষিণ ও মধ্য ইউক্রেনে রাতভর চলে এই আক্রমণ। স্থানীয় প্রশাসনের তথ্য বলছে, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি ও পরিকাঠামো, প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন।
এই আকাশ-আতঙ্ক আরও এক করুণ খবর এনেছে ইউক্রেনের জন্য। হামলা প্রতিরোধ করতে গিয়ে ভেঙে পড়ে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান। পাইলট মারা গিয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালে ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে পাওয়া এই মার্কিন যুদ্ধবিমানই ইউক্রেনের সামরিক ক্ষমতায় নতুন সংযোজন ছিল।
ইউক্রেনীয় বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাথ জানিয়েছেন, এক রাতেই রাশিয়া প্রায় ৫০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ৪৭৭টি ছিল ড্রোন এবং ৬০টি ক্ষেপণাস্ত্র। ইউক্রেন বাহিনী ২৪৯টি ড্রোন গুলি করে নামাতে সক্ষম হয়েছে এবং প্রায় ২০০টির বেশি ড্রোনকে ‘ইলেকট্রনিক জ্যামিং’-এর মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।
ইউক্রেন সেনার দাবি, এই হামলার মাঝেও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তাদের এফ-১৬ পাইলট। শত্রুপক্ষের অন্তত সাতটি রুশ বিমান গুলি করে নামান তিনি। তবে শেষপর্যন্ত পাল্টা আঘাতে তাঁর বিমানই ভেঙে পড়ে, প্রাণ হারান তিনি।