পুতিন আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভারতকে চাপ দিচ্ছে, তখন নিজেরাই রাশিয়ার ওপর নির্ভরশীল।

শেষ আপডেট: 3 October 2025 07:34
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ান তেল কেনায় ভারতের ওপর মার্কিন চাপের বিরুদ্ধে সরব হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin India support)। দক্ষিণ রাশিয়ার সোচিতে আয়োজিত আন্তর্জাতিক ভালদাই আলোচনাসভায় তিনি বলেন, রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য (India Russian oil trade) কমাতে ভারতকে বাধ্য করা “অর্থনৈতিকভাবে অর্থহীন” এবং এতে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকারই অর্থনীতি।
আন্তর্জাতিক ভালদাই আলোচনাসভায় উপস্থিত ছিলেন ভারত-সহ ১৪০টি দেশের নিরাপত্তা এবং ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা। সেখানেই পুতিন স্পষ্ট বলেন, “ভারত কখনও অপমান মেনে নেবে না।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে তিনি বলেন, “মোদী আমার বন্ধু। আমি জানি, তিনি কখনও দেশের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন না।”
রুশ প্রেসিডেন্ট সতর্ক করে দেন, যদি ভারত রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করে, তবে দেশের ক্ষতি হবে আনুমানিক ৯ থেকে ১০ বিলিয়ন ডলার। তাঁর কথায়, “ভারতের মানুষ খুব মনোযোগ দিয়ে দেখবেন তাঁদের নেতারা কী সিদ্ধান্ত নিচ্ছেন, আর তাঁরা কখনও অপমান সহ্য করবেন না।”
বাণিজ্য ঘাটতি দূরীকরণে রাশিয়ার পদক্ষেপ
পুতিন ঘোষণা করেছেন, ভারত থেকে আরও বেশি কৃষিপণ্য ও ওষুধ আমদানি করার পরিকল্পনা করছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের কথায়, “আমরা ভারতের কৃষিজ পণ্য ও ফার্মাসিউটিক্যালস আমদানি করতে পারি, যাতে বাণিজ্যের ভারসাম্য বজায় থাকে।”
মার্কিন দ্বিচারিতা নিয়ে কটাক্ষ
পুতিন আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভারতকে চাপ দিচ্ছে, তখন নিজেরাই রাশিয়ার ওপর নির্ভরশীল। তিনি জানান, “আমেরিকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণ ইউরেনিয়াম আমদানি করে। আমরা আমেরিকার বাজারে দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী।”
তিনি ডিসেম্বরের শুরুতে ভারতের সফরে আসবেন বলেও জানান।
রাশিয়া-ভারত সম্পর্ককে আরও মজবুত করতে এবং মার্কিন চাপে নতি স্বীকার না করার বার্তাই দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।