জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। তার মধ্যে রয়েছে এই সিন্ধু জলচুক্তি স্থগিত করা।

বিলাওয়াল ভুট্টো
শেষ আপডেট: 23 June 2025 18:44
দ্য ওয়াল ব্যুরো: 'সিন্ধুচুক্তি (Indus Water Treaty) পুনর্বহাল করার প্রশ্নই নেই'। কয়েকদিন আগে এমনই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, এতদিন এমনিতেও অন্যায়ভাবে জল পেয়ে এসেছে পাকিস্তান (Pakistan)। আর পহেলগাম হামলার পর তো তাঁদের জল দেওয়ার কোনও অবকাশই নেই। 'শাহি' এই মন্তব্যের এবার পাল্টা দিলেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto)। তাঁর হুঁশিয়ারি, 'জল ছিনিয়ে আনব'।
জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার (Pahalgam Attack) পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। তার মধ্যে রয়েছে এই সিন্ধু জলচুক্তি স্থগিত করা। মাঝে ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাত হয়েছিল বটে, কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন, এই জলচুক্তি আর পুনর্বহাল করা হবে না। পাকিস্তানের নেতা বিলাওয়াল অবশ্য 'চ্যালেঞ্জ' করছেন ভারতকে।
বিলাওয়ালের কথায়, এই জল পাওয়া পাকিস্তানের অধিকারের মধ্যে পড়ে। তাই ভারত যদি পাকিস্তানকে তার প্রাপ্য না দেয় তবে তা ‘ছিনিয়ে নেওয়া হবে’। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিলাওয়াল দাবি করেছেন, ''ভারতের কথার কোনও যুক্তি নেই। ভারত এটা করতে পারে না। দরকারে আমরা ছ'টি নদীর জলই পাকিস্তানের দিকে ফিরিয়ে আনব। সেই ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা হবে।'' প্রসঙ্গত, অমিত শাহ জানিয়েছেন, এই নদীগুলির জল এবার খাল কেটে রাজস্থানে পাঠানো হবে।
এই সিন্ধু জলবণ্টন চুক্তি কী?
টানা ন’বছর ধরে আলোচনার পর ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত-পাক সিন্ধু জলবণ্টন চুক্তি হয়েছিল। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাক প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান চুক্তিতে সই করেছিলেন। চুক্তিতে বলা হয়েছিল, ভারত বা পাকিস্তান নিজেদের প্রয়োজনে ওই জল ব্যবহার করলেও কোনও অবস্থাতেই জলপ্রবাহ আটকে রাখতে পারবে না।
যদিও ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে ওই জল চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছিল পাকিস্তান। এ ব্যাপারে আন্তর্জাতিক সালিশি আদালতেও যায় পাকিস্তান। তবে চলতি বছরের জানুয়ারিতে সংশ্লিষ্ট আদালতের তরফে পাকিস্তানের অভিযোগ খারিজ করা হয়। তবে হালে যা পরিস্থিতি তাতে ভারত এই চুক্তি স্থগিত করে দিয়েছে।