পাকিস্তান ইতিমধ্যে জলসঙ্কটে ভুগতে শুরু করেছে। কয়েক সপ্তাহ আগেই ভারতকে চারবার চিঠি দিয়েছিল ইসলামাবাদ।

অমিত শাহ
শেষ আপডেট: 21 June 2025 19:28
দ্য ওয়াল ব্যুরো: সিন্ধু নদ দিয়ে আর পাকিস্তানে এক ফোঁটা জল যাবে না (Indus Waters Treaty)! বরং সেই জল এবার খাল কেটে রাজস্থানে পাঠানো হবে। স্পষ্টভাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহ বলেন, “সিন্ধু জলচুক্তি আর পুনর্বহাল করা হবে না। তার প্রশ্নই নেই।” বরং তাঁর দাবি, পাকিস্তান এতদিন এই জল অন্যায়ভাবে পেয়ে এসেছে। এবার তা নিজেদের প্রয়োজনে ব্যবহার করবে ভারত।
এই সিন্ধু জলবণ্টন চুক্তি কী?
টানা ন’বছর ধরে আলোচনার পর ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত-পাক সিন্ধু জলবণ্টন চুক্তি হয়েছিল। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাক প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান চুক্তিতে সই করেছিলেন। চুক্তিতে বলা হয়েছিল, ভারত বা পাকিস্তান নিজেদের প্রয়োজনে ওই জল ব্যবহার করলেও কোনও অবস্থাতেই জলপ্রবাহ আটকে রাখতে পারবে না।
যদিও ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে ওই জল চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছিল পাকিস্তান। এ ব্যাপারে আন্তর্জাতিক সালিশি আদালতেও যায় পাকিস্তান। তবে চলতি বছরের জানুয়ারিতে সংশ্লিষ্ট আদালতের তরফে পাকিস্তানের অভিযোগ খারিজ করা হয়। তবে হালে যা পরিস্থিতি তাতে ভারত এই চুক্তি স্থগিত করে দিয়েছে।
পাকিস্তান ইতিমধ্যে জলসঙ্কটে ভুগতে শুরু করেছে। কয়েক সপ্তাহ আগেই ভারতকে চারবার চিঠি দিয়েছিল ইসলামাবাদ। গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’ শুরুর আগেই পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলি মুর্তজা ভারতের জল শক্তি মন্ত্রককে একটি চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান। এরপর আরও তিনটি চিঠি পাঠানো হয় নয়াদিল্লিতে, একই অনুরোধ করে। সূত্রের খবর, পাকিস্তানের পাঠানো চারটি চিঠিই ভারতের জলশক্তি মন্ত্রক থেকে বিদেশ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। কিন্তু আপাতত ভারতের তরফে কোনও সাড়া দেওয়া হয়নি।
এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যে স্পষ্ট হয়ে গেল - পাকিস্তান আর জল পাচ্ছে না।