দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল, উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবার কর্মীরা।

ট্রেন দুর্ঘটনা
শেষ আপডেট: 28 July 2025 17:42
দ্য ওয়াল ব্যুরো: জার্মানির দক্ষিণ-পশ্চিম রাজ্য বাদেন-ভ্যুর্টেমবার্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত তিনজন (Train Accident in Germany)। আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ ফরাসি সীমান্তের কাছে বিবেরাখ জেলায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। অনেকের অবস্থা আশঙ্কাজনক, মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
জার্মান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ডয়চে বান (Deutsche Bahn) সংস্থার একটি রিজিওনাল এক্সপ্রেস ট্রেন সিগমারিঙ্গেন থেকে উল্মের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকা লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটি। ফেডারেল পুলিশের স্টুটগার্ট শাখার মুখপাত্র জানিয়েছেন, ট্রেনের দুটি কামরা রেললাইন থেকে ছিটকে যায়।
দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল, উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবার কর্মীরা। তৎপরতার সঙ্গে ট্রেনের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু হয় (Train Accident in Germany)।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, উদ্ধারের জন্য বিশেষ যন্ত্র ব্যবহার করেন কর্মীরা, আর তার মধ্যেই শোনা যাচ্ছে আতঙ্কের চিৎকার, যা এই দুর্ঘটনার ভয়াবহতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এছাড়াও দেখা গিয়েছে, লাইনচ্যুত হওয়ার পর ট্রেনের কিছু কামরা রেলট্র্যাক থেকে ছিটকে গিয়ে পাশের জঙ্গলের মধ্যে ঢুকে যায়। একটি কামরা উল্টে পড়ে যায়, সেটিকে ভগ্নদশায় উদ্ধার করা হয়।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'বিবেরাখ জেলায় ট্রেন দুর্ঘটনার খবর আমাকে শোকাহত করেছে। আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিবহণমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাঁদের অনুরোধ করেছি, উদ্ধারকাজ চালানোর জন্য সমস্ত রকম সাহায্য পাঠাতে। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাই।'
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসের জেরেই এই অঘটন।
জার্মানির বাদেন-ভ্যুর্টেমবার্গের স্বরাষ্ট্রমন্ত্রী থমাস স্ট্রোব্ল জানিয়েছেন, 'এই এলাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তাই এই প্রবল বৃষ্টির জেরে ভূমিধস হয়ে ট্রেন লাইনচ্যুত হয়ে থাকতে পারে, এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।' পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি জারি রেখেছে। গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।