কানাডার হাসপাতালে (Canada Hospital) দীর্ঘক্ষণ চিকিৎসা না পেয়ে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূতের (Indian Man Death)। ঘটনাকে ঘিরে সে দেশের জরুরি স্বাস্থ্য পরিষেবা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আট ঘণ্টা অপেক্ষার পর কানাডার হাসপাতালে মৃত্যু ভারতীয় যুবকের
শেষ আপডেট: 25 December 2025 16:06
দ্য ওয়াল ব্যুরো: কানাডার হাসপাতালে (Canada Hospital) দীর্ঘক্ষণ চিকিৎসা না পেয়ে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূতের (Indian Man Death)। ঘটনাকে ঘিরে সে দেশের জরুরি স্বাস্থ্য পরিষেবা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
মৃতের নাম প্রশান্ত শ্রীকুমার। বয়স ৪৪ বছর। গত ২২ ডিসেম্বর কর্মস্থলে আচমকা তীব্র বুকে ব্যথা (Chest Pain) শুরু হলে তাঁকে এডমন্টনের গ্রে নানস কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে পৌঁছনোর পর প্রায় আট ঘণ্টারও বেশি সময় জরুরি বিভাগের ওয়েটিং রুমে বসিয়ে রাখা হয় তাঁকে। কোনও কার্যকর চিকিৎসা শুরু হয়নি সেই সময়ের মধ্যে।
গ্লোবাল নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে ট্রায়াজে পরীক্ষা করা হলেও তারপর তাঁকে অপেক্ষার ঘরে বসতে বলা হয়। কিছুক্ষণ পরে তাঁর বাবা কুমার শ্রীকুমার হাসপাতালে পৌঁছন। তিনি জানান, ছেলে তখন অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিল আর বলছিল, ‘পাপা, আর সহ্য করতে পারছি না।’
পরিবারের দাবি, হাসপাতালের কর্মীদের বারবার জানানো হয়েছিল যে ব্যথার মাত্রা অত্যন্ত বেশি। একসময় ইসিজি করা হলেও চিকিৎসকেরা জানান, তাতে বিশেষ কিছু ধরা পড়েনি। এরপরও দীর্ঘ অপেক্ষা চলতে থাকে। যন্ত্রণার জন্য শুধু টাইলেনল দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এর মধ্যেই প্রশান্তের রক্তচাপ ক্রমশ বাড়তে থাকে।
প্রায় আট ঘণ্টা পরে তাঁকে রুমে ডাকা হয়। বাবা জানান, ভিতরে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই বুকে হাত দিয়ে লুটিয়ে পড়েন প্রশান্ত। তড়িঘড়ি নার্সেরা চিকিৎসকদের ডাকেন এবং প্রাণ ফেরানোর চেষ্টা করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
প্রশান্তের স্ত্রী ও তিন, ১০ এবং ১৪ বছরের তিন সন্তানকে রেখে গেলেন তিনি। গ্রে নানস হাসপাতালটি পরিচালনা করে কভেন্যান্ট হেলথ। তারা জানিয়েছে, নির্দিষ্ট কোনও রোগী সংক্রান্ত বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়, তবে ঘটনাটি চিফ মেডিক্যাল এক্সামিনারের দফতর খতিয়ে দেখছে। হাসপাতাল কর্তৃপক্ষ শোকপ্রকাশ করলেও, এই ঘটনায় কানাডার জরুরি চিকিৎসা ব্যবস্থার গাফিলতি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।