কানাডার ভ্যাঙ্কুভারে রেস্তরাঁয় পরপর তিনবার গুলি চলার ঘটনায় অবশেষে মুখ খুললেন কপিল শর্মা।

কপিল শর্মা
শেষ আপডেট: 26 November 2025 18:28
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মার (Kapil Sharma) আসন্ন ছবি কিস কিসকো পেয়ার করুঁ ২ (Kis Kisko Pyaar Karoon 2)-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়ে কানাডায় তাঁর রেস্তরাঁয় ঘটে যাওয়া গুলি চালানোর (Firing Incident) ঘটনা নিয়ে মুখ খুললেন তিনি। মুম্বইয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে কপিল খোলাখুলি এবং বিস্তারিতভাবে এই ঘটনা প্রসঙ্গে কথা বলেন।
কপিল শর্মা জানান, এই ঘটনাটি কানাডার ভ্যাঙ্কুভারে (Vancouver) ঘটেছে এবং সেখানে এই ধরনের গুলি চালানোর ঘটনা মোট তিনবার ঘটেছে। তিনি মনে করেন, সেখানকার নিয়মানুযায়ী হয়তো পুলিশের কাছে এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণের ক্ষমতা নেই।
তিনি আরও বলেন, "কিন্তু যখন আমাদের ঘটনাটি ঘটল, তখন বিষয়টি ফেডারেল স্তর পর্যন্ত পৌঁছাল। ঠিক যেমন আমাদের এখানে কেন্দ্রীয় সরকার আছে, কানাডার পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।"
কপিল মনে করেন, "ভগবান যা করেন, তার কারণ আমরা সবসময় বুঝতে পারি না।" তাঁর ক্যাফেতে গুলি চালানোর পরই এই ঘটনাটি বড় খবর হয়। তিনি আশা প্রকাশ করেন, এবার সেখানকার পুলিশ এবং আইন-শৃঙ্খলা ব্যবস্থা উন্নতি করার জন্য পদক্ষেপ নেবে।
এই প্রসঙ্গে কপিল শর্মা মুম্বই পুলিশের (Mumbai Police) ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "আমি সবসময় মুম্বই এবং আমার দেশে নিজেকে নিরাপদ মনে করি। মুম্বই পুলিশের মতো কোনও পুলিশ বাহিনী নেই।"
তাঁর রেস্তরাঁয় বারবার হামলার পরেও কপিল বলেন, "যতবারই গুলি চালানো হয়েছে, আমাদের ক্যাফে ততবারই আরও বড় করে উদ্বোধন হয়েছে। সুতরাং, যখন ভগবান আপনার সঙ্গে থাকেন, তখন সবকিছু ঠিক হয়ে যায়।" দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে কপিল শর্মা এই বিষয়ে মুখ খুললেন এবং আশা প্রকাশ করলেন, এমন ঘটনা যেন তাঁর বা অন্য কারও সঙ্গে আর না ঘটে।