নতুন বছর আসতে আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। ডিসেম্বরেরের শুরু থেকেই সবাই যখন আগামী বছরের জন্য নানা পরিকল্পনা সাজাতে ব্যস্ত, ঠিক তখনই নিজের মাতৃত্বযাত্রার নতুন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনলেন পিয়া চক্রবর্তী

পিয়া-পরমব্রত ও নিষাদ।
শেষ আপডেট: 26 November 2025 17:25
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর আসতে আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। ডিসেম্বরেরের শুরু থেকেই সবাই যখন আগামী বছরের জন্য নানা পরিকল্পনা সাজাতে ব্যস্ত, ঠিক তখনই নিজের মাতৃত্বযাত্রার নতুন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনলেন পিয়া চক্রবর্তী। পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়ার ছোট্ট ছেলে নিষাদকে কেন্দ্র করেই তৈরি হয়েছে তাঁর ২০২৬-এর বিশেষ পরিকল্পনার খাতা।
১ জুন জন্ম নিয়েছিল পরম–পিয়ার প্রথম সন্তান। সেই থেকেই ছোট্ট নিষাদকে নিয়ে উত্তেজনা ও কৌতূহল ছিল ভক্তদের মধ্যে। দেবীপক্ষে ছেলের মুখ উন্মোচন করে সেই অপেক্ষার অবসান ঘটান দু’জন। আর এবার মা পিয়া জানালেন, আসন্ন বছরে ছেলেকে নিয়ে তাঁর সব ইচ্ছে, স্বপ্ন ও যাবতীয় পরিকল্পনা।
বেশির ভাগ নতুন মায়ের মতোই তাঁর আবেগ, মনোযোগ, ব্যস্ততা সবটাই এখন নিষাদকে ঘিরে আবর্তিত। নতুন বছর শুরু হওয়ার আগেই প্রতিটি ক্ষুদ্র, অথচ গুরুত্বপূর্ণ ধাপের কথা শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে। বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পিয়া একটি ছোট্ট ভিডিও দেন—সেখানে দেখা যায় নিষাদের ফুরফুরে ছোট্ট পা দুটো, নিজের আনন্দে নড়ে উঠছে। আর সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন—“২০২৬-এর জন্য প্ল্যান: একটা ছোট্ট মানুষকে শেখাবো কীভাবে খেতে হয়, বসতে হয়, হামাগুড়ি দিতে হয়, জল খেতে হয়, কীভাবে প্রথম পা ফেলে হাঁটতে হয় আর ওর প্রথম কথা বলা।”

পিয়ার ইনস্টা স্টোরি
নিষাদও আর পাঁচটা শিশুদের মতোই বড় হচ্ছে, ধীরে ধীরে প্রতিটা ধাপ পার করছে। শেখার অনেক কিছুই আছে, আর সেই প্রতিটি পদক্ষেপেই পাশে থাকতে চান পিয়া। বড় কিছু নয়—কিন্তু জীবনের ভিত গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোই তো এগুলো। তাই সযত্নে, আবেগে, খানিক গর্বের সঙ্গেই সেসব ভাগ করে নিলেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মা–বাবা হওয়ার খুশির খবর জানিয়েছিলেন পরমব্রত ও পিয়া। তারপর জুনে আলো করে আসে তাঁদের ছেলে। তারও আগে, ২০২৩ সালের নভেম্বর মাসে আইনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। ছেলের আগমনের অপেক্ষায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে একটি আলাদা বাড়ি কেনেন দুই তারকা—যেখানে বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে মুক্ত বাতাসে বড় হতে পারে নিষাদ। পাড়ার মাঠে–পার্কে খেলতে পারে, আশপাশের মানুষের সঙ্গে মিশে বড় হতে পারে। মা–বাবার তারকাখ্যাতির আড়াল সরিয়ে এক সাধারণ শৈশব উপহার দিতে চেয়েছেন তাঁরা।
২০২৬ দরজায় কড়া নাড়ছে। পিয়ার পরিকল্পনা সাজানো, নিষাদের প্রথম বছর নতুন করে গড়ার প্রস্তুতি-সবই এখন শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা মনের মধ্যেই ঘুরছে—নিষাদের প্রথম উচ্চারণ কি হবে ‘মা’, না ‘বাবা’?