শুটিংয়ের নির্দিষ্ট সময় নিয়ে দীপিকা পাড়ুকোনের দাবিকে সমর্থন করলেন রকুল প্রীত সিং।

রকুল প্রীত সিং ও দীপিকা পাড়ুকোন
শেষ আপডেট: 26 November 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: বিনোদন জগতে শুটিংয়ের নির্দিষ্ট সময়সীমা নিয়ে বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর সোচ্চার হওয়ার পর থেকে। দীপিকার এই পদক্ষেপকে অনুসরণ করে এবার তাঁর সমর্থনে সুর চড়ালেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী রকুল প্রীত সিং (Rakul Preet Singh)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রকুল প্রীত সিং এই প্রসঙ্গে বলেন, প্রতিটি কর্মক্ষেত্রেই কাজের একটা নির্দিষ্ট সময় থাকা অত্যন্ত প্রয়োজন, এবং তাঁর মতে এই সময়টা সব বয়সেই পাল্টানো উচিত।
তিনি বলেন, "ষোলো বছর বয়সে যেভাবে আমরা কাজ করতাম সেভাবে নিশ্চয়ই পঁচিশ বছর বয়সে কাজ করব না। ঠিক যেভাবে কেউ আশা করবে না যে, অমিতাভ বচ্চনের মতো একজন কিংবদন্তি অভিনেতা চোদ্দ ঘণ্টা কাজ করবেন, ঠিক সেরকম। সকলের তার পরিস্থিতি বুঝে কাজের সময় নির্ধারণ করার অধিকার রয়েছে।"
রকুল আরও বলেন, একসময় যে সুপারস্টাররা ৪৮ ঘণ্টা একটানা কাজ করতেন, তারাও এখন বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের কাজের ক্ষেত্রে সীমারেখা টেনেছেন। তাঁর কথায়, কোনও অভিনেতা বা অভিনেত্রী যদি তাঁর পারিবারিক পরিস্থিতি এবং কাজের অভিজ্ঞতা অনুযায়ী শুটিংয়ে একটি নির্দিষ্ট সময় (যেমন ৮ ঘণ্টা শিফট) কাজ করতে চান, তাহলে তা অবশ্যই কার্যকর হওয়া উচিত।
প্রসঙ্গত, মাতৃত্বের জার্নি শুরু করার পর আট ঘণ্টা শিফটে কাজ করার দাবি জানানোয় দীপিকা পাড়ুকোনকে পরপর দু'টি বিগ বাজেটের ছবি—'কল্কি ২' এবং 'স্পিরিট'—থেকে বাদ পড়তে হয়েছে বলে খবর। ছবি থেকে বাদ পড়া সত্ত্বেও দীপিকা নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন। ইন্ডাস্ট্রির অনেকের মতে, তাঁর এই সিদ্ধান্ত অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদেরও সাহস জুগিয়েছে।