টিকটক ইনফ্লুয়েন্সার সুমিরা রাজপুতকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সুমিরা রাজপুত।
শেষ আপডেট: 26 July 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে ফের মহিলা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খুন। টিকটক ইনফ্লুয়েন্সার সুমিরা রাজপুতকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি এক মেয়েকে নিয়ে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় থাকতেন। টিকটকে তাঁর প্রায় ৫৮,০০০ ফলোয়ার আছেন। এছাড়াও তাঁর ভিডিও, পোস্ট লাইকের সংখ্যা ১০ লক্ষেরও বেশি। সুমিরা প্রথম নন, বেশ কিছুদিন ধরে পাকিস্তানে মহিলা ইনফ্লুয়েন্সারদের খুন করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলের পরে বাগোওয়া এলাকায় বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম বাবু রাজপুত ও মহম্মদ ইমরান। মৃতার বোন পুলিশে খুনের অভিযোগ জানান। সুমিরার ১৫ বছরের মেয়ের অভিযোগ, তাঁকে জোর করে বিষ ট্যাবলেট খাওয়ানো হয়েছিল। এক ব্যক্তি বহুদিন ধরেই তাঁকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করছিল।
সুমিরার মেয়েও একজন কনটেন্ট ক্রিয়েটার। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সুমিরা রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সর্বত্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। পাকিস্তানে মহিলা ইনফ্লুয়েন্সাররা নিরাপদ নন এমনকী সাধারণ মহিলাদেরও নিরাপত্তা নেই বলে সরব হয়েছে নেট দুনিয়া।
গত মাসে লক্ষ্য করে এক তরুণী ইনফ্লুয়েন্সারকে খুন করা হয়েছিল। ১৭ বছর বয়সি সানা ইউসাফ নামে পাকিস্তানি ওই টিকটকারকে ইসলামাবাদে তাঁর বাড়িতে ঢুকে গুলি করে মারে এক দুষ্কৃতী। সেই ঘটনায় উমর হায়াত নামে ২২ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। সানা ইউসাফের মৃত্যুতেও সোশ্যাল মিডিয়া জগতে সাড়া পড়ে গিয়েছিল।