মঙ্গলবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও বালুচিস্তান সীমান্ত এলাকার সুলতানকোটের কাছে কোয়েট্টাগামী জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটিয়েছে বালুচ স্বাধীনতা সংগ্রামীরা।

জাফর এক্সপ্রেস। ফাইল ছবি।
শেষ আপডেট: 7 October 2025 14:18
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বালুচিস্তানে ফের জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ। প্রাথমিক খবরে জানা গিয়েছে, দেশী বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন। মঙ্গলবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও বালুচিস্তান সীমান্ত এলাকার সুলতানকোটের কাছে কোয়েট্টাগামী জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটিয়েছে বালুচ স্বাধীনতা সংগ্রামীরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্তত ৭ জন জখম হয়েছেন বিস্ফোরণে। বিদ্রোহীরা দেশীয় পদ্ধতিতে তৈরি বিস্ফোরক রেখেছিল রেললাইনে। বিস্ফোরণে কোয়েট্টাগামী ৬টি কামরা লাইনচ্যুত হয়েছে। বালুচ বিদ্রোহী গোষ্ঠী বালুচ রিপাবলিক গার্ডস এই হামলার দায় স্বীকার করেছে। তাদের লক্ষ্য ছিল ওই ট্রেনে পাকিস্তানি সেনাবাহিনীর জওয়ানরা ছিলেন।
বালুচ রিপাবলিকান গার্ডস এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনে করে পাকিস্তানি সেনা নিয়ে আসা হচ্ছিল এই প্রদেশে। সেই সময় বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন জওয়ান মৃত ও জখম হয়েছে। ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। বিআরজি আরও বলেছে, আমরাই এই বিস্ফোরণ ঘটিয়েছি, ভবিষ্যতে আরও হবে। যতদিন না বালুচদের স্বাধীনতা দেওয়া হবে, ততদিন এরকম দিনের সাক্ষী হতে হবে ইসলামাবাদ প্রশাসনকে।
কোয়েট্টা ও পেশোয়ারের মধ্যে চলাচলকারী জাফর এক্সপ্রেসে একের পর এক হামলা হয়েছে অতীতে। এর মধ্যে গত মার্চ মাসে সবথেকে বড় হামলাটি হয়েছিল। বোলান এলাকায় গোটা ট্রেন ছিনতাই করে বালুচ স্বাধীনতা সংগ্রামীরা। তাতে ২১ জন যাত্রী ও চারজন নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছিল। ট্রেনযাত্রীদের মুক্ত করতে সেনাবাহিনী নামিয়ে ৩৩ জন বিদ্রোহীকে মেরে উদ্ধার করা হয় জাফর এক্সপ্রেস।