পাকিস্তানি যুদ্ধবিমান আটটি এলএস-৬ বোমা ফেলেছে এই অঞ্চলে। তিরাহ উপত্যকার মাত্রের দারা গ্রামে পাক জেট বিমানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বোমাবর্ষণে মহিলা-শিশু সহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
শেষ আপডেট: 22 September 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: নিজেরই দেশের মানুষকে বিমানবাহিনীর বোমাবর্ষণে খতম করল পাকিস্তান। সোমবার পাক-আফগান সীমান্ত প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় পাক বিমানবাহিনীর বোমাবর্ষণে মহিলা-শিশু সহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এদিন দুপুর ২টো নাগাদ এই ঘটনা ঘটে। পাকিস্তানি যুদ্ধবিমান আটটি এলএস-৬ বোমা ফেলেছে এই অঞ্চলে। তিরাহ উপত্যকার মাত্রের দারা গ্রামে পাক জেট বিমানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জায়গাটি প্রত্যন্ত বলে এখনও বিস্তারিত খবর মেলেনি।
জয়েশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন গোষ্ঠী পাক অধিকৃত কাশ্মীর থেকে ডেরা সরিয়ে সুদূর আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার দিকে সরিয়ে নিয়ে যাচ্ছে বলে ভারতীয় এজেন্সিগুলির খবর। যাতে ভারতীয় বাহিনীকে হামলা চালাতে প্রায় পুরো পাকিস্তানের জমি পেরিয়ে যেতে হবে। ছিন্নবিচ্ছিন হয়ে যাওয়া জয়েশ ও হিজবুলরা নয়া ঘাঁটির তল্লাশ করছিল।
পাকিস্তানের যে প্রদেশে জঙ্গিদের ডেরা গড়ে দেওয়ার কাজ চলছে, সেই খাইবার পাখতুনখোয়া এলাকায় দীর্ঘদিন ধরে স্বাধীনতার লড়াই চলছে। সে কারণে বালুচিস্তান লিবারেশন আর্মি ও মজিদ ব্রিগেডকে টাইট দিতেও জঙ্গিদের ব্যবহার করতে পারে আইএসআই। কারণ, বিদ্রোহীদের হামলার হাত থেকে পাক সেনাবাহিনী ও নিরাপত্তারক্ষীদের শহিদ হওয়ার থেকে কয়েকটা জঙ্গি সংঘর্ষে মারা গেলে, পাকিস্তানের লাভ।
তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের অধিকাংশই সাধারণ মানুষ। বহু মানুষ বিস্ফোরণে জখম হয়েছেন, তাঁদের চিকিৎসার কোনও ব্যবস্থাও নেই। ঘটনাস্থলের ছবিতে দেখা গিয়েছে, চারধারে লাশের পর লাশ পড়ে রয়েছে। তার মধ্যে কোলের বাচ্চা থেকে মহিলারাও রয়েছেন। বহু মানুষ বাড়িঘর ধসে তার মধ্যে আটকে রয়েছেন। একটি অংশের মত হচ্ছে, সরাসরি বিদ্রোহীদের কাবু করতে না পেরে পাকিস্তান সেনা ক্ষতি পোষাতে প্রতিশোধ নিচ্ছে সাধারণ মানুষের উপর।