একের পর এক মাটি কামড়ে ও আকাশ ছোঁয়া শটে পাকিস্তানের বোলিং লাইনের প্রায় সব বোলাররাই কাবু হয়ে যান এই জুটির সামনে।

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই মাঠের বাইরের মতো ভিতরেও স্নায়ুর উত্তেজনা চরমে থাকে।
শেষ আপডেট: 22 September 2025 10:58
দ্য ওয়াল ব্যুরো: মনে ছিল আশা/...ধন নয়, মান নয়, একটুকু বাসা। রবিবার এশিয়া কাপে পাকিস্তানের ভারতকে হারানোর সেই স্বপ্ন গুঁড়িয়ে দেয় অভিষেক শর্মা ও শুভমান গিল জুটি। একসঙ্গে গ্রাউন্ড ও এয়ার স্ট্রাইকে সম্পূর্ণ বিধ্বস্ত পাকিস্তান ক্রিকেট টিম হাঁটু মুড়ে বসে পড়ে। ভারতকে ১৭১ রানের লক্ষ্য বেঁধে দিয়ে সলমন আঘা ভেবেছিলেন, এবার বোধহয় দেশের মানুষের কাছে মুখ দেখানো যাবে। কিন্তু, প্রথম বলে ৬ মেরে অভিষেক বুঝিয়ে দেন খেলার গতি নিশ্চিত হয়ে গেল।
তারপর থেকে একের পর এক মাটি কামড়ে ও আকাশ ছোঁয়া শটে পাকিস্তানের বোলিং লাইনের প্রায় সব বোলাররাই কাবু হয়ে যান এই জুটির সামনে। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই মাঠের বাইরের মতো ভিতরেও স্নায়ুর উত্তেজনা চরমে থাকে। তিন ওভারের মাথায় অভিষেকের সঙ্গে যুগলবন্দিতে গিল পাকিস্তানের প্রচারিত ভয়ানক দ্রুতগতির বোলার শাহিন শা আফ্রিদিকে দ্বিতীয় চার মারার পর ঠাট্টা করে বলেন, ‘বল লে কে আজা’।
কিছু ক্রিকেটপ্রেমীর এখনও মনে আছে, ১৯৯৬ সালে একদিনের বিশ্বকাপে বেঙ্কটেশ প্রসাদকে একই কথা বলেছিলেন পাকিস্তানের বিখ্যাত খেলোয়াড় আমির সোহেল। যদিও শাহিন এই অপমানের জবাব দিতেও পারেননি এবং প্রতিশোধও নিতে পারেননি। রবিবার প্রকৃতই ভারতীয় এই দুই ব্যাটারের ভিতর থেকে আগুন ঝরছিল। ম্যাচ শুরু হয়েছিল ওভারপ্রতি আটের কিছু বেশি রান দিয়ে। কিন্তু, এই দুজনের বিধ্বংসী আক্রমণে তা ১১-র বেশিতে গিয়ে পৌঁছয়।
আর তা নিয়েই মাঠেও কয়েক মুহূর্তের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিষেক ও গিল ক্রিজের উপরেই শাহিন শা আফ্রিদি ও হ্যারিস রউফের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। আর তা নিয়ে ৬ উইকেটে ম্যাচ জেতার পর ৩৯ বলে ৭৪ রান করা অভিষেক শর্মা এবং ২৮ বলে ৪৭ রান করা শুভমান গিল টিটকারি মেরেছেন পাকিস্তানের নাম না করে।
You talk, we win 🇮🇳 pic.twitter.com/iMOe9vOuuW
— Abhishek Sharma (@OfficialAbhi04) September 21, 2025
ম্যাচের শেষে দুজনেই এক্সবার্তায় চার শব্দের ক্যাপশন দিয়ে সেই পোস্ট করেছেন। দুজনেরই সেই পোস্ট আপাতত ভাইরাল হয়ে গিয়েছে। গিল লিখেছেন, বক্তৃতা কোনও কামের নয়, খেলা কথা বলে। অন্যদিকে, অভিষেক শর্মার কথা, তোরা চিল্লিয়ে মর, জিতব আমরাই।
Game speaks, not words 🇮🇳🏏 pic.twitter.com/5yNi2EO70P
— Shubman Gill (@ShubmanGill) September 21, 2025