দু’মাসের মধ্যে দ্বিতীয়বার আমেরিকা সফরে গিয়ে মুনির ফের ভারতের বিরুদ্ধে জলসম্পদ ইস্যুতে আগ্রাসী ভাষণ দেন। সিন্ধু নদীর উপর ভারত যদি বাঁধ তৈরি করে, পাকিস্তান তা ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 11 August 2025 10:15
দ্য ওয়াল ব্যুরো: পারমাণবিক শক্তি (Nuclear bomb) ব্যবহার করে ভারতকে (India) ধ্বংস করার সরাসরি হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির (Asim Munir)। মার্কিন সফরে গিয়ে এক নৈশভোজের অনুষ্ঠানে মুনির বলেন, ‘‘আমরা যদি ডুবে যাই, তবে সঙ্গে অর্ধেক দুনিয়াকেও টেনে নেব।’’
ফ্লোরিডার ট্যাম্পায় পাকিস্তানি ব্যবসায়ী ও কনসাল আদনান আসাদের আয়োজিত এক ব্ল্যাক-টাই ডিনারে মুনির বলেন, ‘‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি শেষ হয়ে যাচ্ছি, তবে আমরা অর্ধেক দুনিয়াকে শেষ করে দেব।’’
দু’মাসের মধ্যে দ্বিতীয়বার আমেরিকা সফরে গিয়ে মুনির ফের ভারতের বিরুদ্ধে জলসম্পদ ইস্যুতে আগ্রাসী ভাষণ দেন। সিন্ধু নদীর উপর ভারত যদি বাঁধ তৈরি করে, পাকিস্তান তা ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তাঁর ভাষায়, ‘‘সিন্ধু নদী ভারতের বাপের সম্পত্তি নয়… আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই, আলহামদুলিল্লাহ।’’
ভারতকে মার্সিডিজ, পাকিস্তানকে ‘ডাম্প ট্রাকের’ সঙ্গে তুলনা
ওই পাক প্রবাসী সমাবেশে মুনির বলেন, ‘‘ভারত যেন হাইওয়েতে ছুটে চলা মার্সিডিজ, আর আমরা কাঁকরভর্তি ডাম্প ট্রাক। যদি ট্রাক গাড়িটাকে ধাক্কা দেয়, ক্ষতি কার হবে?’’ এছাড়াও তিনি কানাডায় এক শিখ নেতার হত্যাকাণ্ড, কাতারে আট ভারতীয় নৌসেনার গ্রেফতার এবং কুলভূষণ যাদব মামলার প্রসঙ্গ টেনে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ তোলেন।
ট্যাম্পায় মুনির মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিদায়ী কমান্ডার জেনারেল মাইকেল কুরিলার বিদায়ী অনুষ্ঠানে যোগ দেন এবং নতুন কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুনির মার্কিন যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গেও বৈঠক করেন এবং তাঁকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানান।
এই সফরের আগে জুনে তিনি পাঁচদিনের মার্কিন সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মধ্যাহ্নভোজে মিলিত হয়েছিলেন, যেখানে তেল চুক্তিসহ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ঘোষণা হয়।
মুনিরের এই সফর এমন সময়ে হচ্ছে, যখন এক মার্কিন জেনারেল পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদ বিরোধী ক্ষেত্রে অসাধারণ অংশীদার’ বলে প্রশংসা করেছেন।