প্রায় এক সপ্তাহের সীমান্ত সংঘর্ষ শেষে কাতারের দোহায় বৈঠকে বসে যুদ্ধবিরতিতে রাজি হল পাকিস্তান ও আফগানিস্তান। ২০ জনের মৃত্যু, শতাধিক আহতের পর তুরস্কের মধ্যস্থতায় শান্তি স্থাপনের পথে দুই দেশ।

পাকিস্তান ও আফগানিস্তান
শেষ আপডেট: 19 October 2025 08:07
দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক সপ্তাহ ধরে চলা পাকিস্তান ও আফগানিস্তানের তীব্র সীমান্ত সংঘর্ষের পরে তুরস্কের মধ্যস্থতায় অবশেষে দুই দেশ যুদ্ধবিরতি বজায় রাখতে এবং ভবিষ্যতে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। এই সংঘর্ষে ২০ জনেরও বেশি মানুষ নিহত এবং শত শত মানুষ আহত হয়েছিলেন। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এই আলোচনাটি ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে উত্তেজনা কমানো এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কাতারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই "যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং নির্ভরযোগ্য পদ্ধতিতে এর বাস্তবায়ন করতে" আগামী দিনগুলোতে পরবর্তী বৈঠকে বসতে রাজি হয়েছে। এর ফলে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি বজায় রাখার পর অতর্কিত হামলার ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
এদিনের আলোচনায় আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে কাবুলের একটি প্রতিনিধি দল এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ তালেবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনার নেতৃত্ব দেন।
উল্লেখ্য, রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের মাঝেও পাকিস্তান অতর্কিতে হামলা চালিয়েছিল। শুক্রবার আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে আকাশপথে চালানো হামলায় দুই শিশু ও তিন ক্রিকেটার-সহ অন্তত ১০ জন নিহত এবং ১২ জন আহত হন। এই হামলার কারণেই আফগানিস্তান পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ৫ থেকে ২৯ নভেম্বর লাহোর এবং রাওয়ালপিন্ডিতে পরিকল্পিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকেও সরে এসেছে।
অন্যদিকে, শুক্রবার সীমান্তের কাছে এক আত্মঘাতী হামলায় সাতজন পাকিস্তানি সেনা নিহত এবং ১৩ জন আহত হন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির আফগান সরকারের কাছে দাবি করেছেন যে, তারা যেন পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর জন্য আফগান মাটি ব্যবহার করা প্রক্সি গোষ্ঠীগুলিকে নিয়ন্ত্রণ করে।
আফগানিস্তান তালেবান জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছে। উল্টে তারা পাকিস্তানের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো এবং আফগানিস্তানকে অস্থির করার জন্য ইসলামিক স্টেট-সম্পর্কিত গোষ্ঠীগুলিকে সমর্থন করার অভিযোগ তুলেছে।
যুদ্ধবিরতির মধ্যে পাকিস্তান সাধারণ নাগরিকদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। তবে কাবুল জানিয়েছে যে আলোচনার প্রক্রিয়া বজায় রাখার জন্য তাদের যোদ্ধাদের প্রতিশোধ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।