সৌদি আরবের আল খারজ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় কোনও ভারতীয়র মৃত্যু হয়নি বলে জানাল রিয়াধের ভারতীয় দূতাবাস। সৌদি প্রশাসনের প্রাথমিক রিপোর্টে এক ভারতীয় নিহত হওয়ার কথা বলা হলেও পরে তা সংশোধন করা হয়।

সৌদিতে ইরানি হামলা
শেষ আপডেট: 9 March 2026 09:35
দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবের আল খারজ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় (Iran strike Saudi Arabia) কোনও ভারতীয়র মৃত্যু হয়নি বলে জানাল রিয়াধের ভারতীয় দূতাবাস (Indian Embassy Riyadh)। সৌদি প্রশাসনের প্রাথমিক রিপোর্টে এক ভারতীয় নিহত হওয়ার কথা বলা হলেও পরে তা সংশোধন করা হয়। ভারতীয় দূতাবাস জানায়, হামলায় এক ভারতীয় আহত হয়েছেন (Indian national injured Saudi Arabia attack) এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছিল, ঘটনাটি ঘটে রবিবার সকালে। সেখানে একটি আবাসিক কমপ্লেক্সে ওই ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এর জেরে ঘটনাস্থলেই দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়। মৃতদের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশের নাগরিক।
একটি বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স জানায়, এই ঘটনায় মোট ১২ জন আহত হয়েছেন। আহতদের সকলেই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া বিস্ফোরণের ফলে আবাসিক কমপ্লেক্সে উল্লেখযোগ্য পরিমাণে সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়েছে।
এরপরই রিয়াধের ভারতীয় দূতাবাসের (Embassy of India in Riyadh) তরফে বিবৃতি দেওয়া হয়, আল খারজে ঘটে যাওয়া এই ঘটনায় কোনও ভারতীয় নাগরিকের মৃত্যু হয়নি। দূতাবাস বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানানো হয়েছে।
দূতাবাসের কমিউনিটি ওয়েলফেয়ার কাউন্সেলর ওয়াই সাবির আহত ভারতীয় নাগরিকের সঙ্গে দেখা করতে আল খারজে যান। তিনি হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির খোঁজখবর নিয়েছেন।
উল্লেখ্য, সৌদি আরবের আর খারজ এলাকায় একটি বড় বিমানঘাঁটি রয়েছে। গত কয়েক দিনে এই এলাকাকে লক্ষ্য করে একাধিক হামলা হয়েছে। ইরান ও আমেরিকা-ইজরায়েলের সংঘাতের জেরে আরবদুনিয়ার উত্তেজনা বাড়ার পর থেকেই এই ধরনের হামলা বাড়ছে।
এই পরিস্থিতিতে সৌদি আরবে থাকা ভারতীয়দের (Indians in Saudi Arabia) সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে।
অন্যদিকে ইরানকে (Iran) কড়া সতর্কবার্তা দিয়েছে সৌদি (Saudi Arabia)। দেশটির দাবি, আরব দেশগুলিতে হামলা চালাতে থাকলে সবচেয়ে বড় ক্ষতি ইরানেরই হবে। সৌদির বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ধরনের হামলা চলতে থাকলে উত্তেজনা আরও বাড়বে এবং ভবিষ্যতে সম্পর্কের উপর গুরুতর প্রভাব পড়তে পারে।