মধ্যপ্রাচ্যের সংঘাত এক ভয়ংকর ও অভূতপূর্ব মোড় নিল। ইজরায়েলের সাম্প্রতিক মিসাইল হামলার পর ইরানের রাজধানী তেহরান (Tehran) কার্যত আগুনের গোলার ওপর দাঁড়িয়ে। জ্বলন্ত তেল ডিপো থেকে ওঠা দানবীয় কালো ধোঁয়ায় ঢেকে গেছে দিগন্ত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, দিনের বেলাতেও শহরের বাসিন্দাদের আলো জ্বালিয়ে চলাফেরা করতে হচ্ছে।
.jpeg.webp)
শেষ আপডেট: 8 March 2026 21:28
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যের সংঘাত এক ভয়ংকর ও অভূতপূর্ব মোড় নিল। ইজরায়েলের সাম্প্রতিক মিসাইল হামলার পর ইরানের রাজধানী তেহরান (Tehran) কার্যত আগুনের গোলার ওপর দাঁড়িয়ে। জ্বলন্ত তেল ডিপো থেকে ওঠা দানবীয় কালো ধোঁয়ায় ঢেকে গেছে দিগন্ত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, দিনের বেলাতেও শহরের বাসিন্দাদের আলো জ্বালিয়ে চলাফেরা করতে হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে—এক কোটিরও বেশি মানুষের এই শহরটি এখন ঘন বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে রাজপথ।
টার্গেট তেল সংরক্ষণাগার: কোথায় কোথায় হামলা?
ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, তারা তেহরানের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে। হামলার শিকার হয়েছে: উত্তর-পূর্ব তেহরানের আঘদাসিয়েহ তেল গুদাম। পশ্চিম তেহরানের শাহরান তেল ডিপো। আর কারাজ শহরের বিশাল তেল সংরক্ষণাগার।
দিনের আলোয় নামল অন্ধকার, শুরু ‘তৈলবৃষ্টি’
স্থানীয় বাসিন্দাদের দাবি, তেল ডিপোগুলো ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে। আগুনের তীব্রতা এবং ধোঁয়ার ঘনত্বে আকাশ থেকে সূর্যের আলো উধাও হয়ে গেছে। যেন অকাল সন্ধ্যা নেমে এসেছে শহরজুড়ে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো বাসিন্দাদের দাবি করা ‘তৈলবৃষ্টি’। আগুনের পর কালো ও তেলমিশ্রিত বৃষ্টিতে ভিজেছে রাস্তাঘাট। প্রশাসন সতর্ক করেছে যে, এটি বিষাক্ত অ্যাসিড রেন (Acid Rain) হতে পারে।
বিষাক্ত ধোঁয়া ও স্বাস্থ্যঝুঁকি
ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, বাতাসে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড ছড়িয়ে পড়েছে। শাহরান বুলেভার্ডে পাইপলাইন বিস্ফোরণে আশপাশের বহু ভবনের কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ান জানিয়েছেন, আপাতত জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে।
প্রশাসন জরুরি নির্দেশিকা জারি করে জানিয়েছে, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার। শ্বাসকষ্ট বা চোখের সমস্যা হলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে হবে।
‘রাসায়নিক যুদ্ধের সামিল’: গর্জে উঠল ইরান
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এসমাইল বাঘাই এই হামলার তীব্র নিন্দা করে একে “ইরানি নাগরিকদের বিরুদ্ধে রাসায়নিক যুদ্ধ” বলে অভিহিত করেছেন। বিশেষজ্ঞদের মতে, তেলের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে এই সরাসরি হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ইরান-আমেরিকা-ইজরায়েল মহাযুদ্ধের দোরগোড়ায় পৌঁছে দিল।