গত ৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা ‘বিগ বিউটিফুল বিল’-এ এই নতুন ফি-এর কথা রয়েছে। এই ভিসা ফি কার্যকর হবে ২০২৬ সাল থেকে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 July 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ভিসা (USA Visa) পেতে এবার গুনতে হবে বাড়তি টাকা। নতুন আইন অনুযায়ী, পর্যটক, ছাত্র বা কর্মসূত্রে যাওয়া ভারতীয়দের (Indian Students and Tourists) ভিসা ফি বাড়ছে অন্তত ২.৫ গুণ। এই বাড়তি ফি-এর নাম দেওয়া হয়েছে ‘ভিসা ইন্টিগ্রিটি ফি’।
গত ৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সই করা ‘বিগ বিউটিফুল বিল’-এ (Big Beautiful Bill) এই নতুন ফি-এর কথা রয়েছে। এই ভিসা ফি কার্যকর হবে ২০২৬ সাল থেকে।
ভিসা ইন্টিগ্রিটি ফি
এই ফি নির্ধারিত হয়েছে ২৫০ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২১ হাজার ৪০০ টাকা।
এটি নন-রিফান্ডেবল। অর্থাৎ ভিসা না পেলেও বা পরে বাতিল হলেও টাকা ফেরত মিলবে না।
ভিসা ইস্যুর সময়ই এই ফি জমা দিতে হবে।
প্রতি বছর মুদ্রাস্ফীতি (সিপিআই অনুযায়ী) হিসেব করে এই ফি বাড়তে বা কমতে পারে।
মূল ভিসা ফি ছাড়াও এই বাড়তি ফি দিতে হবে।
কত বাড়ছে খরচ?
এখন একটি সাধারণ বি-১/বি-২ (পর্যটক ও ব্যবসা) ভিসা নিতে খরচ হয় ১৮৫ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার ৮০০ টাকা)। নতুন ইন্টিগ্রিটি ফি যোগ হলে সেই খরচ গিয়ে দাঁড়াবে প্রায় ৪৭২ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ হাজার ৫০০ টাকা। অর্থাৎ, মোটামুটি আড়াই গুণ বেশি।
ফি-এর কাঠামো এমন
মূল ভিসা ফি: ১৮৫ ডলার
নতুন ভিসা ইন্টিগ্রিটি ফি: ২৫০ ডলার
আই-৯৪ ফি: ২৪ ডলার
ইএসটিএ ফি: ১৩ ডলার
কারা এই ফি দেবেন?
ভিসা ইন্টিগ্রিটি ফি প্রায় সব ধরনের অস্থায়ী (Non-Immigrant) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। এর মধ্যে রয়েছে — বি-১/বি-২ (পর্যটক ও ব্যবসা), এফ ও এম (ছাত্র), এইচ-১বি (কর্মরত পেশাদার), জে (বিনিময় কর্মসূচি)। শুধু কূটনৈতিক (এ ও জি ক্যাটাগরি) ভিসা ছাড়া বাকিদের সবার ক্ষেত্রে এই ফি বাধ্যতামূলক। ফলে ভারত থেকে আমেরিকা যেতে চাওয়া ছাত্র, সফটওয়্যার পেশাদার, পর্যটক ও ব্যবসায়ীদের সবাইকেই এই বাড়তি টাকা দিতে হবে।
টাকা ফেরত পাওয়া যাবে কি?
এই ফি ‘নন-রিফান্ডেবল’ অর্থাৎ ফেরতযোগ্য নয়। তবে একটি শর্ত রয়েছে — যদি ভিসা অনুযায়ী সব নিয়ম মানা হয়, অর্থাৎ নির্ধারিত মেয়াদের মধ্যে আমেরিকা ছেড়ে ফেরা, বা বৈধভাবে থাকার মেয়াদ বাড়ানো বা গ্রিন কার্ডের মতো অন্য স্ট্যাটাস পরিবর্তন করা যায়, তাহলে ফি ফেরতের সুযোগ থাকবে। কিন্তু নিয়মভঙ্গ বা অবৈধভাবে থাকার ঘটনা ঘটলে কোনও ফেরত মিলবে না।
কেন এই ফি আরোপ?
মার্কিন সরকার জানিয়েছে, ভিসা ইন্টিগ্রিটি ফি আরোপ করা হয়েছে বিদেশিদের ‘নিয়ম মানার প্রবণতা’ বাড়াতে এবং অভিবাসন আইন আরও কঠোরভাবে চালু রাখতে। অর্থাৎ, এটাকে একপ্রকার সিকিউরিটি ডিপোজিট বলেই ধরা হচ্ছে।
এই ফি পরিচালনা করবে ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (DHS)। প্রতি বছর মার্কিন বাজারে মূল্যবৃদ্ধি (CPI) অনুসারে এই ফি বাড়ানো বা কমানোর অধিকারও থাকবে ডিএইচএস-এর হাতে।
রেমিট্যান্সেও নতুন কর
‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-এ শুধু ভিসা ফি-ই নয়, যুক্ত হয়েছে রেমিট্যান্স বা বিদেশ থেকে টাকা পাঠানোর উপর ১ শতাংশ কর। ফলে আমেরিকায় থাকা ভারতীয়রা দেশে টাকা পাঠালে তার উপরেও অতিরিক্ত খরচ পড়বে।