এই হামলার দায় শিকার করে খলিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি। ভারতের জাতীয় তদন্ত সংস্থার (NIA) মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই লাড্ডি নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী বাবর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর সঙ্গে যুক্ত।

বাঁ দিকে কানাডার ক্যাফে ও ডান দিকে কপিল শর্মা (ফাইল ছবি)
শেষ আপডেট: 11 July 2025 14:55
দ্য ওয়াল ব্যুরো: কানাডায় কাপিল শর্মার ক্যাফে ‘ক্যাপস ক্যাফে’-তে গুলি চলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাল কর্তৃপক্ষ। বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ক্যাফের পক্ষ থেকে জানানো হয়েছে, 'এই হিংসার ঘটনা আমাদের হতবাক করেছে। কিন্তু আমরা হার মানব না। হিংসার বিরুদ্ধে মাথা উঁচু করেই দাঁড়াব।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমরা এই ক্যাফে খুলেছিলাম, যাতে মানুষের জীবনে আনন্দ এবং সকলকে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আড্ডার সুযোগ করে দিতে পারি। এই স্বপ্নে হিংসার ছায়া এসে পড়া হৃদয়বিদারক। তবে আমরা আমাদের লক্ষ্যে অটল রয়েছি।'
প্রত্যক্ষদর্শীদের দাবি, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ক্যাফেটির দিকে একের পর এক গুলি ছোড়ে বুধবার রাতে। কানাডার এক সাংবাদিক সমীর কৌশলের মতে, প্রায় ১২ রাউন্ড গুলি চালানো হয়। তাঁর করা পোস্টের ভিডিওতে দেখা যায়, ক্যাফের কাচের জানালায় গুলির চিহ্ন স্পষ্ট।
এই হামলার দায় শিকার করে খলিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি। ভারতের জাতীয় তদন্ত সংস্থার (NIA) মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই লাড্ডি নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী বাবর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর সঙ্গে যুক্ত। সূত্রের খবর, কাপিল শর্মার এক পুরনো মন্তব্যের জেরেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সে। যদিও আদৌ ক্যাফেটি মূল লক্ষ্য ছিল না কৌতুকশিল্পী কাপিল শর্মাকে হুমকি দিতেই এই গুলিবর্ষণ, তা স্পষ্ট নয়।
ঘটনার সময় ক্যাফেতে কর্মীরা উপস্থিত ছিলেন, তবে কেউ জখম হননি।
সারে এলাকার পুলিশ জানিয়েছে, 'বৃহস্পতিবার ভোর ১.৫০ মিনিট নাগাদ ১২০ স্ট্রিটের ৮৪০০ নম্বর ব্লকে অবস্থিত এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে গুলিচালনার খবর পেয়ে পুলিশ পৌঁছয়। ক্যাফের জানালায় গুলির চিহ্ন রয়েছে, তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, খতিয়ে দেখা হচ্ছে আরও কোনও ঘটনার সঙ্গে এই হামলার যোগ রয়েছে কি না।'
ক্যাফের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী ও কাস্টমারদের ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, 'এই ক্যাফে আপনাদের বিশ্বাসেই দাঁড়িয়ে রয়েছে। আসুন, আমরা হিংসার বিরুদ্ধে একজোট হই ও রুখে দাঁড়াই ।'