সাম্প্রতিক সময় রাশিয়ার কাছ থেকে তেল আমদানির কারণে ওয়াশিংটন ভারতের ওপর কঠোর শুল্ক আরোপ করার পর দুই দেশের সম্পর্ক কিছুটা শীতল হয়েছে।

বেঞ্জামিন নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 8 September 2025 18:59
দ্য ওয়াল ব্যুরো: 'জাতীয় সম্মান'কে কীভাবে একটি 'কৌশলগত সম্পদ' তৈরি করতে হয়, তা ভারতের (India) কাছ থেকে ইজরায়েলের (Israel) শেখা উচিত। এমনই মন্তব্য করেছেন ইজরায়েলি প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ জাকি শালম (Zaki Salom)।
সে দেশের এক স্বনামধন্য সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে অনুসারে শালমের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাতের বিষয়ে নেওয়া কড়া অবস্থান প্রমাণ করে যে, জাতীয় সম্মান কোনও বিলাসিতা নয়, বরং সুদূরপ্রসারী কৌশলগত সম্পদ।
সাম্প্রতিক সময় রাশিয়ার কাছ থেকে তেল আমদানির কারণে ওয়াশিংটন ভারতের ওপর কঠোর শুল্ক আরোপ করার পর দুই দেশের সম্পর্ক কিছুটা শীতল হয়েছে। এছাড়াও, পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মধ্যস্থতা করার দাবিকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
শালম বলেন, "প্রধানমন্ত্রী মোদীর কঠোর প্রতিক্রিয়া শুধুমাত্র অর্থনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে নয়, বরং ব্যক্তিগত ও জাতীয় সম্মানকে আঘাত করার অনুভূতির কারণে এসেছিল। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের চারটি ফোন কল প্রত্যাখ্যান করেছিলেন। এই প্রেক্ষাপটে, ইজরায়েল একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারে।"
ইজরায়েলের সমালোচনা
গাজার খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালে বোমা হামলার পর ইজরায়েলি সরকার এবং সেনাবাহিনীর সমালোচনা করেছিলেন শালম। তাঁর সাফ কথা, আইডিএফ (IDF), চিফ অফ স্টাফ এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) প্রতিক্রিয়া শুধু আন্তর্জাতিক মহলকে শান্ত করার ইচ্ছা প্রকাশ করেছিল এমনটা নয়, ঘটনার পরিণতি সম্পর্কে তাদের মধ্যে উদ্বেগ এবং কিছুটা আতঙ্কও দেখিয়েছিল।
তিনি আরও বলেন, "নেতারা ভুল করে হলেও নিহত নাগরিকদের হত্যার দায়িত্ব স্বীকার করেছেন, যা আন্তর্জাতিক আইনের দিক থেকে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে।"
এই প্রতিরক্ষা বিশেষজ্ঞ ইজরায়েলের পরিস্থিতিকে ভারতের সঙ্গে তুলনা করেন এবং বলেন, যখন ভারত প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণের মুখোমুখি হয়েছিল, তখন প্রধানমন্ত্রী মোদী ক্ষমা চাওয়ার জন্য তাড়াহুড়ো করেননি, বরং জাতীয় সম্মান বজায় রেখে জোরালো প্রতিক্রিয়া দিয়েছিলেন।" তাঁর স্পষ্ট বক্তব্য, নেতানিয়াহুর এই বিষয়টি মোদী তথা ভারতের থেকে শেখা উচিত।
শালম মনে করেন, একটি দেশকে কঠিন ও জটিল পরিস্থিতির মুখোমুখি হলেও তার জাতীয় সম্মান রক্ষা করতে হবে। তাই ভারতের কাছ থেকে এটা শেখা উচিত যে। জাতীয় সম্মান কোনও বিলাসিতা নয়, তা রক্ষা করতে হবে যে কোনও পরিস্থিতিতে।