
অতিরিক্ত সতর্কতার খাতিরে বাজার থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এআই দিয়ে তৈরি ছবি।
শেষ আপডেট: 6 January 2026 17:47
দ্য ওয়াল ব্যুরো: শিশুদের স্বাস্থ্যের ঝুঁকির আশঙ্কায় বিশ্বজুড়ে নিজেদের কিছু বেবি ফুড প্রত্যাহার করার বা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল বহুজাতিক খাদ্য ও পানীয় সংস্থা নেসলে। সংস্থাটি জানিয়েছে, তাদের শিশুখাদ্য দুধ ও তার পরবর্তীতে আহার জাতীয় কিছু ইনফ্যান্ট প্রোডাক্ট ও ফলো-অন প্রোডাক্টের নির্দিষ্ট ব্যাচ শিশুদের খাওয়ানোর জন্য নিরাপদ নয়।
নেসলের দাবি, ওই সব ব্যাচে সেরিউলিড (cereulide) নামের একটি বিষাক্ত উপাদান থাকতে পারে, যা খেলে বমি ভাব ও বমির মতো খাদ্যজনিত অসুস্থতা দেখা দিতে পারে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই পণ্য খেয়ে অসুস্থ হওয়ার কোনও নিশ্চিত রিপোর্ট পাওয়া যায়নি। তবুও অতিরিক্ত সতর্কতার খাতিরে বাজার থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেসলে এক বিবৃতিতে বলেছে, শিশুদের নিরাপত্তা ও সুস্থতাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই ঘটনায় অভিভাবক, পরিচর্যাকারী ও গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ বা অসুবিধা তৈরি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সংবাদমাধ্যম বিবিসিকে নেসলে জানিয়েছে, এই ফেরত নেওয়ার সিদ্ধান্তটি বিশ্বব্যাপী। ক্ষতিগ্রস্ত ব্যাচগুলোর পণ্য বিক্রি হয়েছিল ইউরোপের একাধিক দেশে। যেমন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, ইতালি ও সুইডেন-সহ বিভিন্ন বাজারে।
ফ্রান্সে নেসলের Guigoz ও Nidal ব্র্যান্ডের কিছু শিশুখাদ্য প্রত্যাহার করা হচ্ছে। জার্মানিতে এই ফর্মুলাগুলি বিক্রি হয় Beba ও Alfamino নামে। নেসলে জোর দিয়ে জানিয়েছে, প্রত্যাহারের আওতায় না থাকা একই পণ্যের অন্য ব্যাচ এবং নেসলের অন্যান্য সব পণ্য সম্পূর্ণ নিরাপদ এবং সেগুলি ব্যবহার বা খাওয়াতে কোনও ঝুঁকি নেই। সংস্থাটি জানিয়েছে, সমস্যার উৎস একটি সরবরাহকারী সংস্থার দেওয়া উপাদান এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নেসলে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পুরো টাকা ফেরত দেওয়া হবে। ব্রিটেনে কোন কোন ব্যাচ রয়েছে, তা নেসলের ইউকে ওয়েবসাইটে পাওয়া যাবে। গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে, পাউডার ফর্মুলার ক্ষেত্রে টিন বা বাক্সের তলার কোড এবং রেডি-টু-ফিড ফর্মুলার ক্ষেত্রে বাইরের বাক্সের তলা এবং কন্টেনারের পাশ বা উপরের কোড ভালো করে পরীক্ষা করতে।