অধস্তন কর্মীর সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কের অভিযোগে নেসলে (Nestle) সিইও লরঁ ফ্রেইক্সে (Laurent Freixe) বরখাস্ত। ফিলিপ নাভরাটিল হলেন নতুন প্রধান নির্বাহী।

লরঁ ফ্রেইক্সে ও অ্যান্ডি বাইরন।
শেষ আপডেট: 2 September 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি অ্যান্ডি বাইরন (Andy Byron) এবং ক্রিস্টিন ক্যাবটের 'পরকীয়া' নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দুনিয়া। ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের এক কনসার্টের ‘কিস্ ক্যাম’-এর স্ক্রিনে ধরা পড়ে, মার্কিন সংস্থা অ্যাস্ট্রোনমারের তৎকালীন সিইও বাইরন এবং তাঁরই সহকর্মী ও কোম্পানির এইচআর ক্রিস্টিন ক্যাবটের ঘনিষ্ঠ মুহূর্ত। সেই দৃশ্য ভাইরাল হতেই, এমনই তোলপাড় পড়ে যায়, চাপ সামলাতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হন বাইরন। এবার প্রায় সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। সংস্থার অধস্তনের সঙ্গে সম্পর্কের অভিযোগ ঘিরে চাকরি হারালেন সুইস খাদ্যপণ্য নেসলের (Nestle) সিইও লরঁ ফ্রেইক্সে (Laurent Freixe)।
সোমবার নেসলে সংস্থা ঘোষণা করেছে, কোম্পানির সিইও-কে সরানো হয়েছে। অভিযোগ, তিনি এক তাঁরই অধীনে কর্মরক এক কর্মীর সঙ্গে গোপনে রোম্যান্টিক সম্পর্কে জড়িয়েছিলেন। এই আচরণ নেসলের ব্যবসায়িক আচরণবিধি ভঙ্গ করেছে বলেও জানানো হয়েছে।
কোম্পানির বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, চেয়ারম্যান পল বুলকে (Paul Bulcke) এবং প্রধান স্বাধীন পরিচালক পাবলো ইসলা (Pablo Isla)-র তত্ত্বাবধানে, বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্ত চালানো হয়েছিল। সেই তদন্তের ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুলকে এক বিবৃতিতে বলেন, “এটি ছিল একান্ত প্রয়োজনীয় একটি সিদ্ধান্ত। নেসলের মূল্যবোধ ও প্রশাসনিক নীতি আমাদের সংস্থার ভিত্তি। লরঁ ফ্রেইক্সের দীর্ঘদিনের অবদানের জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।”
ফ্রেইক্সে ১৯৮৬ সালে ফ্রান্সে নেসলে-তে যোগ দেন। ২০০৮ সালের সাবপ্রাইম ও ইউরো সংকটের সময় ইউরোপীয় ব্যবসা সামলান তিনি। ২০১৪ পর্যন্ত ইউরোপীয় কার্যক্রমের দায়িত্বে থাকার পর লাতিন আমেরিকা বিভাগের প্রধান হন। ২০২৪ সালের সেপ্টেম্বরে আচমকাই তাঁকে সিইও পদে বসানো হয়, মূল লক্ষ্য ছিল ভোক্তাদের কম খরচের প্রবণতা বদলে কোম্পানির বিক্রি বাড়ানো।
কিন্তু তার ফল ভাল আসেনি। গত বছর নেসলের শেয়ারের দাম প্রায় এক-চতুর্থাংশ কমে যায়। এতে চিন্তায় পড়ে যায় সুইজারল্যান্ড। কারণ সে দেশের পেনশন ফান্ডগুলির বড় অংশ নেসলের শেয়ারে বিনিয়োগ করে। নেসলের ব্র্যান্ড পোর্টফোলিওতে রয়েছে নেসপ্রেসো (Nespresso), কিটক্যাট (KitKat), পিউরিনা (Purina) কুকুরের খাবার, ম্যাগি (Maggi) কিউব, গারবার (Gerber) শিশু খাদ্য এবং নেসকুইক (Nesquik) পানীয়।
গত জুলাইয়ের শেষে কোম্পানি জানায়, চলতি বছরের প্রথম ছ’মাসে তাদের নিট মুনাফা ১০.৩ শতাংশ কমেছে। চিনে উপভোক্তাদের খরচ কমে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও বাড়তি কোকো ও কফির দাম সরাসরি গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তবুও লাভ বাড়ানো সম্ভব হয়নি।
ফ্রেইক্সের বিদায়ের সঙ্গে সঙ্গে দ্রুত সিদ্ধান্ত নিয়ে, নেসপ্রেসোর সিইও ফিলিপ নাভরাটিলকে (Philipp Navratil) নতুন প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত করেছে নেসলে বোর্ড। নাভরাটিল ২০০১ সালে নেস্লে-তে যোগ দেন। তিনি মেক্সিকোতে কফি ও পানীয় ব্যবসার নেতৃত্ব দিয়েছেন, পরে নেসকাফে (Nescafe) ও স্টারবাকস (Starbucks) ব্র্যান্ডের বৈশ্বিক কৌশল ও উদ্ভাবন সামলান।
২০২৪ সালের জুলাই থেকে তিনি নেসপ্রেসো ব্র্যান্ডের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন এবং চলতি বছরের জানুয়ারিতে নেসলের বোর্ডে যোগ দেন। বোর্ড চেয়ারম্যান বুলকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেছেন, “আমরা কৌশল থেকে বিচ্যুত হচ্ছি না। নাভরাটিল দক্ষতার সঙ্গে আমাদের প্রবৃদ্ধির পরিকল্পনাকে ত্বরান্বিত করবেন।”
পাশাপাশি, নতুন দায়িত্বপাওয়ার পরে নাভরাটিল নিজেও ঘোষণা করেছেন, “আমি কোম্পানির কৌশলগত দিকনির্দেশ পুরোপুরি সমর্থন করি এবং দৃঢ়তার সঙ্গে নেসলের ভ্যালু ক্রিয়েশন প্ল্যান এগিয়ে নিয়ে যাব।”