আমেরিকা (America) জুড়ে তুমুল বিক্ষোভ। স্লোগান একটাই, 'নো কিংস' (US No Kings)। নাগরিকদের একাংশের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড (Donald Trump) ট্রাম্প দেশকে টেনে নিয়ে যাচ্ছেন একনায়কতন্ত্রের দিকে।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 19 October 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা (America) জুড়ে তুমুল বিক্ষোভ। স্লোগান একটাই, 'নো কিংস' (US No Kings)। নাগরিকদের একাংশের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড (Donald Trump) ট্রাম্প দেশকে টেনে নিয়ে যাচ্ছেন একনায়কতন্ত্রের দিকে। তাঁর কঠোর নীতি, মিডিয়া ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ, এবং অভিবাসীদের উপর দমনপীড়নের বিরুদ্ধে হাজার হাজার মানুষ নেমে পড়েছেন রাস্তায়।
ওয়াশিংটন, বোস্টন, শিকাগো, লস অ্যাঞ্জেলস থেকে শুরু করে ছোট ছোট শহর পর্যন্ত প্রায় ২,৫০০ জায়গায় বিক্ষোভ হয়েছে। সমুদ্রতটে শরীর দিয়ে লেখা হয়েছে “No King!”।
বিক্ষোভের মাঝেই ট্রাম্প বলেন, “ওরা আমাকে রাজা বলছে, আমি রাজা নই।” কিন্তু তার পরেই তাঁর সোশ্যাল প্ল্যাটফর্মে উঠে আসে একাধিক এআই-তৈরি ভিডিও, যেখানে দেখা যায় ট্রাম্প মাথায় মুকুট পরে ফাইটার জেটে বসে বিক্ষোভকারীদের দিকে বোমা বর্ষণ করছেন। যা অনেকেই “রাজকীয় ব্যঙ্গ” বলেই ধরছেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শেয়ার করেছেন এমন ফুটেজ যেখানে ট্রাম্প রাজকীয় পোশাক পরে আছেন, আর সামনে ন্যান্সি পেলোসি-সহ একাধিক ডেমোক্র্যাট নেতানেত্রী নতজানু।
হোয়াইট হাউস বনাম রাস্তাঘাট
এই মুহূর্তে ট্রাম্প ফ্লোরিডার মার-আ-লাগো আবাসে ছুটিতে। কিন্তু তাঁর বক্তব্য আরও বিতর্ক উসকে দিয়েছে। ফক্স বিজনেসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ডেমোক্র্যাটরা যদি সরকার থেকে সরে যায়, তাহলে আমেরিকা আরও ভালভাবে চলবে।”
ক্রমবর্ধমান ক্ষোভ
বিক্ষোভকারীরা বলছেন, আমেরিকা আজ এমন এক মোড়ে, যেখানে গণতন্ত্রের ভিত নড়বড়ে। তাঁরা দাবি করছেন, “কোনও প্রেসিডেন্টই রাজা নন। জনগণের উপর রাজত্ব করার অধিকার কারও নেই।”
এটি ট্রাম্পের নতুন মেয়াদের শুরু থেকে তৃতীয় বড় বিক্ষোভ। এর আগের ‘No Kings’ আন্দোলন হয়েছিল জুন মাসে, প্রায় ২,১০০টি স্থানে।