তবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, দেশের জ্বালানি আমদানি সম্পূর্ণভাবেই ভারতের জাতীয় স্বার্থের ওপর নির্ভর করে।

ট্রাম্প-জেলেনস্কি।
শেষ আপডেট: 18 October 2025 07:44
দ্য ওয়াল ব্যুরো: ভারত আর রাশিয়ার তেল কিনবে না (India not going to buy Russian oil anymore), এমনই দাবি আবারও তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের সময় এই মন্তব্য করেন তিনি (Trump repeats claim during meeting with Zelensky)।
জেলেনস্কির সঙ্গে লাঞ্চ বৈঠকে ট্রাম্প বলেন, “ভারত এখন আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না।” এর আগে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে “আশ্বাস” দিয়েছেন যে ভারত রুশ তেল কেনা বন্ধ করবে।
ট্রাম্পের দাবি, “আমি খুশি নই যে ভারত রাশিয়া থেকে তেল কিনছিল। আজ মোদী আমাকে আশ্বাস দিয়েছেন, তারা আর রুশ তেল নেবে না। এটা বড় পদক্ষেপ।”
তবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, দেশের জ্বালানি আমদানি সম্পূর্ণভাবেই ভারতের জাতীয় স্বার্থের ওপর নির্ভর করে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “ভারত একটি বড় তেল ও গ্যাস আমদানিকারক দেশ। অস্থির জ্বালানি বাজারে ভারতীয় ভোক্তার স্বার্থ রক্ষা করাই আমাদের প্রথম অগ্রাধিকার। আমাদের আমদানি নীতি সম্পূর্ণভাবে এই নীতির ওপর ভিত্তি করেই পরিচালিত।”
মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ-ও স্পষ্ট করে দিয়েছেন, “আমার জানা মতে, গতকাল দুই নেতার মধ্যে কোনও কথোপকথন হয়নি।”
উল্লেখ্য, রুশ তেল কেনা নিয়ে চাপ বাড়িয়ে ট্রাম্প প্রশাসন ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, সঙ্গে আরও ২৫ শতাংশ অতিরিক্ত ডিউটি যুক্ত হয়েছে। জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্পের এই মন্তব্য নতুন কূটনৈতিক বিতর্কের জন্ম দিল বলেই মনে করা হচ্ছে।