প্রশাসনিক আধিকারিক আলি আল-মায়াহি জানিয়েছেন, আরও অনেকের মৃত্যু হয়েছে। দেহ বের করে আনা সম্ভব হয়নি। মৃতের সংখ্যা বাড়তে পারে।

ঘটনাস্থলের ছবি (সংগৃহীত)
শেষ আপডেট: 17 July 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: ইরাকে ভয়াবহ আগুনে ভস্মীভূত হল এক হাইপার মার্কেট, মৃত্যু হল কমপক্ষে ৬০ জনের। এখনও পর্যন্ত নিখোঁজ ১১। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পূর্ব ইরাকের আল-কুত শহরে এই ঘটনাটি হয় বৃহস্পতিবার গভীর রাতে। শহরের স্বাস্থ্য দফতর এবং পুলিশের দুই উচ্চপদস্থ সূত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছে, ইতিমধ্যেই ৫৯ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে একটি দেহ এতটাই পুড়ে গিয়েছে যে তা কেউ চিনতে পারেনি এখনও।
প্রশাসনিক আধিকারিক আলি আল-মায়াহি জানিয়েছেন, আরও অনেকের মৃত্যু হয়েছে। দেহ বের করে আনা সম্ভব হয়নি।
আগুনের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, একটি পাঁচতলা ভবন দাউ দাউ করে জ্বলছে, দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)।
কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে ইরাকের সরকারি সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে সেখানকার গভর্নর জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিক রিপোর্ট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে। বলেন, 'আমরা হাইপার মার্কেটের মালিক ও বিল্ডিংটির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।'