কানাডার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজের একটি সেকেন্ডারি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণে মৃত অন্তত ১০।
সন্দেহভাজন হামলাকারীও মৃত, আহত প্রায় দুই ডজন ভর্তি হাসপাতালে।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 11 February 2026 09:22
দ্য ওয়াল ব্যুরো: কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ (Tumbler Ridge) শহরে একটি সেকেন্ডারি স্কুলে বুধবার চলল গুলি। ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। সন্দেহভাজন হামলাকারীও মারা গেছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। প্রায় দুই ডজনের মতো অর্থাৎ ২৪ জন জখম। তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১টা ২০ মিনিট নাগাদ টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে (Tumbler Ridge Secondary School) প্রথম সক্রিয় হামলার (Active Shooter) খবর পাওয়া যায়। পুলিশ তৎক্ষণাৎ স্কুল ভবনের ভিতর ঢুকে বিষয়টি শনাক্ত করার চেষ্টা করে। তল্লাশির সময় একাধিক দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, যে ব্যক্তিকে হামলাকারী বলে ধরে নেওয়া হচ্ছে, তাকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক অনুমান, সে গুলি চালানোর পর আত্মহত্যা করেছে।
দুপুর ৩টা ১৫ মিনিটের কিছু পরে আরেকটি আপডেটে পুলিশ জানায়, মূল সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তবে দ্বিতীয় কোনও হামলাকারীর ভূমিকা ছিল কি না, এবং মোট কত জনের মৃত্যু হয়েছে—তা এখনও নিশ্চিত করা যায়নি। তদন্তকারীরা সেই তথ্য যাচাই করছেন।
স্কুলে থাকা বাকি ছাত্রছাত্রী ও কর্মীদের সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে। দ্রুত তাঁদের সকলকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
ঘটনাস্থলের চারপাশে পাঠানো জরুরি সতর্কবার্তায় (Emergency Alert) সন্দেহভাজনকে বর্ণনা করা হয়েছে, ‘একজন বাদামি চুলের মহিলা’। স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘরে থাকতে বলেছেন তদন্তকারীরা।
পুলিশের অনুরোধ, “টাম্বলার রিজের বাসিন্দারা এখনই বাইরে বেরোবেন না, দরজা বন্ধ রাখুন। যারা ওই এলাকায় নেই, তারাও ওই দিক এড়িয়ে চলুন এবং পুলিশের নির্দেশ মানুন।”