রাশিয়ার মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ঢুকে এলোপাথাড়ি ছুরি হামলা। চার ভারতীয় ডাক্তারি পড়ুয়া-সহ মোট আট জন গুরুতর জখম।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 February 2026 08:08
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার (Russia) একটি নামী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছুরি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার উফা শহরের স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির হস্টেলে এই ঘটনায় চার ভারতীয় পড়ুয়া এবং দুই পুলিশকর্মী-সহ মোট আট জন গুরুতর জখম হয়েছেন। অভিযুক্ত ১৫ বছরের এক কিশোরকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। আহত সকলের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি।
উফা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার হস্টেলের স্পোর্টস হলে একত্রিত হয়েছিলেন ছাত্রছাত্রীরা। সেই সময় আচমকাই সেখানে ঢুকে পড়ে ওই কিশোর। প্রথমে তার উপস্থিতি নিয়ে বিশেষ কেউ সন্দেহ প্রকাশ করেননি। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই সে ছুরি বের করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হলে। ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন ছয় জন।
ঘটনার খবর পেয়ে দ্রুত হস্টেলে পৌঁছয় পুলিশ। তখনও তাণ্ডব চালাচ্ছিল অভিযুক্ত। চার জন পুলিশকর্মী তাকে ঘিরে ফেলেন। পরিস্থিতি বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে কিশোরটি। সেই সময় দুই পুলিশকর্মী তাকে আটকাতে এগিয়ে গেলে ছুরি নিয়ে তাদের উপরও হামলা চালায় সে। গুরুতর জখম হন ওই দুই পুলিশকর্মী। শেষ পর্যন্ত বহু চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় অভিযুক্ত নিজেও গুরুতর জখম হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তের বয়স ১৫ বছর হলেও নাবালক হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইরিনা ভল্ক জানান, “গ্রেপ্তারের সময় অভিযুক্ত প্রবল প্রতিরোধ গড়ে তোলে। সেই সময় দুই পুলিশকর্মী ছুরিকাহত হন। অভিযুক্ত নিজেও নিজের শরীরে আঘাত করেছে।”
হামলার প্রত্যক্ষদর্শীদের দাবি, গোটা হস্টেলের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। আতঙ্কে পড়ে যায় পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি। আহতদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছে রেন টিভি। আহত ছাত্রছাত্রী এবং পুলিশকর্মীদের স্থানীয় ক্লিনিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি।