
শেষ আপডেট: 5 March 2024 12:31
দ্য ওয়াল ব্যুরো: মসনদ হারালেন মাস্ক। গত ৯ মাসের মধ্যে এই প্রথমবার তাঁকে মাত দিলেন কেউ। টেসলা কর্তা ইলন মাস্ককে হারিয়ে এখন বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন অ্যামাজন কর্তা জেফ বেজোস। এই মুহূর্তে ব্লুমবার্গ ইনডেক্সের তালিকায় জেফ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।
ব্লুমবার্গের রিপোর্ট বলছেন, এই মুহূর্তে টেসলার সিইও ইলন মাস্কের সম্পত্তি ১৯৭.৭ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে সামান্য এগিয়ে রয়েছেন জেফ বেজোস। অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোসের সম্পত্তির পরিমাণ ২০০.৩ বিলিয়ন মার্কিন ডলার। প্রশ্ন হল, কোন জায়গায় খামতির জেরে মাস্কের এই পতন আর বেজোসের উত্থান? তার খতিয়ানও সামনে এসেছে।
অ্যামাজন কর্তার গত এক বছরের লাভের অঙ্ক বেশি। গত এক বছরে লাভ হয়েছে ২৩ মিলিয়ন মার্কিন ডলার। সেখানে মাস্ক গত এক বছরে খুইয়েছেন ৩১ বিলিয়ন ডলার। অঙ্কের হিসাবে, বেজোসের লাভের অঙ্কের চেয়েও বেশি আর্থিক ক্ষতি হয়েছে মাস্কের। তাছাড়া শেয়ার বাজারে মাস্কের গতি টলোমলো। ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের পে প্যাকেজ মামলায় ডেলাওয়ার কোর্টের ধাক্কায় মাস্কের চ্যালেঞ্জ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। টুইটার কর্তার বিরুদ্ধে মামলাও ঠুকেছেন প্রাক্তন শীর্ষ কর্তারা। অর্থাৎ সব মিলিয়েই চাপের মুখে মার্কিন ধনকুবের।
টানা চার বছর ধরে বিশ্বের ধনীতম ব্যক্তির মুকুট পরে রয়েছেন বেজোস। মাঝে মাস্ক তাঁকে ছাপিয়ে গেলেও আবার নিজের গদি ফিরে পেয়েছেন তিনি। শেয়ার বাজারে অ্যামাজনের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় তাঁর ব্যক্তিগত সম্পত্তির বহর বেড়েই চলেছে।