২০১৯ সালের পর থেকে আজহারকে জনসমক্ষে দেখা যায়নি। সেই বছর পাকিস্তানের বাহাওয়ালপুরে তাঁর গোপন ঘাঁটিতে অজ্ঞাতপরিচয় হামলায় বিস্ফোরণ হয়।

মাসুদ আজহার (ফাইল ছবি)
শেষ আপডেট: 11 January 2026 17:41
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার ভারতকে নিশানা করে উস্কানিমূলক বার্তা দিলেন জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) প্রধান ও জাতিসংঘের ঘোষিত সন্ত্রাসবাদী মাসুদ আজহার (Masood Azhar)। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি অডিও রেকর্ডিংয়ে (Masood Azhar audio threat) তিনি দাবি করেন, তাঁর সংগঠনে হাজারেরও বেশি আত্মঘাতী জঙ্গি (Suicide bombers) তৈরি রয়েছে, যারা যে কোনও মুহূর্তে হামলা চালাতে প্রস্তুত।
অডিওটি ঠিক কবে রেকর্ড করা হয়েছে বা এটি সত্যি কি না, তা যাচাই করা যায়নি। তবে ভারতের বিরুদ্ধে মাসুদের হুমকি এবং চরম বিদ্বেষমূলক বার্তা নতুন নয়। তাই এই অডিও হুমকির বার্তায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
‘এক নয়, দুই নয়, হাজারও নয়…’
অডিওতে মাসুক আজহারকে বলতে শোনা যায়, “এরা এক নয়, দুই নয়, ১০০ নয়, এমনকি হাজারও নয়। যদি পুরো সংখ্যা বলে দিই, তাহলে আগামিকাল বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে যাবে।” তাঁর দাবি, 'বিপুল সংখ্যক যুবক নাকি শহিদ হতে প্রস্তুত এবং বারবার তাঁকে ভারত অভিযানে পাঠানোর জন্য চাপ দিচ্ছে।'
ভারতবিরোধী প্রচার চালানো তাঁর পুরনো অভ্যাস
মাসুদ আজহার বহু বছর ধরেই ভারতের লক্ষ্য করে জঙ্গি হামলার পরিকল্পনা ও উস্কানি ছড়াচ্ছেন। গোয়েন্দারা অভিযোগ করেছেন, ২০০১ সালের সংসদ হামলা থেকে ২০০৮ সালের মুম্বই হামলা, একাধিক ভয়াবহ ঘটনায় তাঁর নাম সরাসরি জড়িত।
২০১৯ সালের পর থেকে আজহারকে জনসমক্ষে দেখা যায়নি। সেই বছর পাকিস্তানের বাহাওয়ালপুরে তাঁর গোপন ঘাঁটিতে অজ্ঞাতপরিচয় হামলায় বিস্ফোরণ হয়। তিনি আহত হলেও প্রাণে বেঁচে যান। এরপর থেকে আজহার মূলত ছদ্মবেশে এবং অডিও বার্তার মাধ্যমে জঙ্গি কার্যক্রম চালাচ্ছেন বলে তদন্তকারী সংস্থাগুলি দাবি করছে।
ভারতের সাম্প্রতিক অভিযানের পর ফের হুমকি
গত বছর এপ্রিল মাসে পহেলগাম হামলায় (Pahalgam terror attack) পাক জঙ্গিদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। তার জবাবে মে মাসে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান চালায় ভারতের বাহিনী। বাহাওয়ালপুরে জইশ সদর দফতর-সহ (Bahawalpur JeM HQ) বিভিন্ন জায়গায় অভিযানে আজহারের পরিবারের কয়েকজন সদস্য নিহত হয় বলে গোয়েন্দা সূত্রের দাবি। এরপর থেকেই জইশ প্রধানের সংগঠন দুর্বল হয়েছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু গোয়েন্দাদের অনুমান, তবে নতুন অডিও বার্তায় আজহার দেখাতে চাইছেন যে তার জঙ্গি নেটওয়ার্ক এখনও সক্রিয় এবং যে কোনও সময় হামলার প্রস্তুত।
ভারতে সাম্প্রতিক হামলার সঙ্গে জইশ-এর যোগ
দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণের তদন্তেও পাকিস্তানভিত্তিক জইশ জঙ্গি উমর মহম্মদের নাম উঠে এসেছে। ওই হামলায় অন্তত ১৫ জন নিহত হন এবং ২০ জনেরও বেশি আহত হন।
উদ্বেগ বাড়াচ্ছে অডিও বার্তা
নতুন অডিও বার্তাটি প্রকাশ্যে আসায় নিরাপত্তা সংস্থাগুলি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। সীমান্তের ওপার থেকে বারবার ভারতকে নিশানা করে এমন হুমকি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য সরাসরি ঝুঁকি তৈরি করে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।