ভারত-পাকিস্তান সংঘাত রুখে দেওয়ার কৃতিত্ব এর মধ্যে বহুবার নিয়ে ফেলেছেন ট্রাম্প। নয়াদিল্লি এই ব্যাপারটিকে নস্যাৎ করলেও মার্কিন প্রেসিডেন্ট থামেননি।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 18 August 2025 22:10
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে হোয়াইট হাউসে ফের বৈঠক করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই বৈঠকের আগে আবার একবার বিভিন্ন দেশের মধ্যে সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করলেন তিনি। আমেরিকার পূর্বতন সরকারকে রীতিমতো 'বোকা' এবং 'বুদ্ধিহীন' বলে কটাক্ষ করে ট্রাম্প দাবি করেছেন, শেষ ৬ মাসে ৬টি যুদ্ধ থামিয়েছেন তিনি!
ভারত-পাকিস্তান সংঘাত (India Pakistan Conflict) রুখে দেওয়ার কৃতিত্ব এর মধ্যে বহুবার নিয়ে ফেলেছেন ট্রাম্প। নয়াদিল্লি এই ব্যাপারটিকে নস্যাৎ করলেও মার্কিন প্রেসিডেন্ট থামেননি। এছাড়া রয়েছে ইজরায়েল-গাজা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ (Russia Ukraine War)। দুই ক্ষেত্রে এখনও শান্তি না ফিরলেও ট্রাম্প আশ্বস্ত করে বলেছেন, খুব তাড়াতাড়ি শান্তি ফিরবে। আর এই প্রসঙ্গেই তিনি ৬ মাসে ৬টি যুদ্ধ থামানোর কথা বলেন।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমার নয়, বরং জো বাইডেনের জন্য হয়েছে। আমি এখানে এসেছি যুদ্ধ থামাতে। আমি প্রেসিডেন্ট হলে এ যুদ্ধ শুরুই হত না।” পাশাপাশি ট্রাম্পের সংযোজন, “যারা বছরের পর বছর ধরে এসব সংঘাত সামলাতে গিয়ে কিছুই করতে পারেনি, তারা একেবারে বোকা। কোনও জ্ঞান নেই, বুদ্ধি নেই। তারাই পরিস্থিতি আরও জটিল করেছে।''
ট্রাম্প আরও বলেন, অনেক সংবাদমাধ্যম তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও, তিনি আত্মবিশ্বাসী যে সমাধান আনতে পারবেন। তাঁর বার্তা, 'শেষ ৬ মাসে ৬টি যুদ্ধ থামিয়েছি আমি। তার মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ ছিল। তাই কী করছি সেটা খুব ভাল করেই জানি।' ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের এহেন বার্তা ঘিরে ফের কৌতূহল বেড়েছে।
এদিকে হোয়াইট হাউসে হতে চলা বৈঠকের আগে বড় বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টও। তিনি বলেন, চলমান যুদ্ধ থামাতে এবং শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্তি ও সক্ষমতা রয়েছে। জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেনে শান্তি মানেই গোটা ইউরোপের শান্তি। তাঁর দাবি, রাশিয়াকে কেবল শক্তি দেখিয়েই শান্তির পথে বাধ্য করা সম্ভব।