ভারতের বিষয়ে চিনের (China) সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগির কথা এবার প্রকাশ্যে স্বীকার করলেন পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
শেষ আপডেট: 27 June 2025 00:02
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিষয়ে চিনের (China) সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগির কথা এবার প্রকাশ্যে স্বীকার করলেন পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জানিয়েছেন, ভারত (India) নিয়ে যে কোনও রকমের তথ্য—যা পাকিস্তান বা চিনের জন্য হুমকি হতে পারে, তা একে অপরের সঙ্গে শেয়ার করাটা স্বাভাবিক বলে মনে করে ইসলামাবাদ (Islamabad)।
এক সাক্ষাৎকারে আসিফ বলেন, “যে সব দেশ একে অপরের ঘনিষ্ঠ, তারা নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য ভাগ করে থাকে। চিনেরও ভারতের সঙ্গে সমস্যা আছে। তাই তথ্য বিনিময় খুব স্বাভাবিক ব্যাপার।”
সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ও সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পাকিস্তান এখনও পুরোপুরি নির্ভার নয়। আসিফ বলেন, “ভারতের সঙ্গে সংক্ষিপ্ত সংঘর্ষের পর থেকে আমরা এখনও পুরো সতর্ক অবস্থায় রয়েছি। প্রায় এক মাসের বেশি সময় ধরে এই সতর্কতা বজায় রাখা হয়েছে।”
পহেলগামে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার পর ভারত ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায়। সেই ঘটনার জেরে দুই দেশের মধ্যে বাড়তে থাকে উত্তেজনা। পরে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। পাকিস্তান কোনও শর্ত ছাড়াই এই চুক্তি মেনে নেয়।
পাকিস্তান এতদিন চিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখলেও, ভারতের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য ভাগ করার বিষয়টি এত স্পষ্টভাবে প্রকাশ্যে আসেনি। সে দেশের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।