২০২৩ সালে দুবাইয়ে নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনির সাক্ষাতের পরই এই 'মেলোডি' শব্দটি চর্চায় রয়েছে।

নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনি
শেষ আপডেট: 18 June 2025 11:56
দ্য ওয়াল ব্যুরো: ফের নজর কাড়ল 'মেলোডি' (Melodi)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে (Giorgia Meloni) একসঙ্গে এই নামেই ডাকা হয়। কানাডার জি৭ সম্মেলনের (Canada G7 Summit) ফাঁকে তাঁদের ফের দেখা গেল এক ফ্রেমে আর সঙ্গে সঙ্গে সেই ছবি ভাইরাল।
কানাডার কানানাসকিসে অনুষ্ঠিত ৫১তম জি৭ সম্মেলনের ফাঁকে মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্র মোদী ও জর্জিয়া মেলোনি। আর দেখা হতেই দুজনের মধ্যে হওয়া করমর্দন, আলাপচারিতা সামাজিক মাধ্যমে ফিরিয়ে এনেছে সেই পুরনো 'মেলোডি' স্মৃতি। মেলোনির সঙ্গে সাক্ষাতের পর মোদী বলেন, “ভারত ও ইতালির মধ্যে সম্পর্কের গভীরতা আরও বাড়ছে। ভবিষ্যতে দুই দেশ একে অপরকে সহযোগিতার মাধ্যমে আরও এগিয়ে যাবে বলেই আশা করছি।”
জি-২০ সম্মেলন থেকে শুরু করে সিওপি২৮ — গত এক বছরে একাধিক আন্তর্জাতিক মঞ্চে মোদী-মেলোনির দেখা হয়েছে এবং সেই সব মুহূর্তের ছবি ও ভিডিও নেটপাড়ায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এবারের জি৭-এও সেই একই ছবি ধরা পড়ল। প্রসঙ্গত, গত বছর জি৭ সম্মেলন হয়েছিল ইতালিতেই। সেবার মোদী-মেলোনির মধ্যে হওয়া 'নমস্তে' সাড়া ফেলে দিয়েছিল। নেটাগরিকদের একাংশ, এই সাক্ষাৎকে ‘মেলোডি মোমেন্ট’ বলে আখ্যা দিয়েছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালে দুবাইয়ে নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনির সাক্ষাতের পরই এই 'মেলোডি' শব্দটি চর্চায় রয়েছে। 'সিওপি২৮ ক্লাইমেট সামিট'-এ মোদীর সঙ্গে ছবি তুলে তার ক্যাপশনে 'মেলোডি' লিখেছিলেন ইতালির প্রধানমন্ত্রী। তারপর থেকেই এই দুই রাষ্ট্রনেতার দেখা হলে এই নামেই ডাকা হয় তাঁদের।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ভাল বন্ধু' জর্জিয়া মেলোনি অহরহ সমাজমাধ্যমে ট্রেন্ড করেন। সমালোচকরা অনেকেই বলেন, মেলোনি ও মোদীর এই বন্ধুত্বের একটা বড় কারণ, দু'জনের প্রায় একইরকম চিন্তাভাবনা। দুই রাষ্ট্রনায়কই বিশ্বের অন্যতম তাবড় দক্ষিণপন্থী মুখ বলে পরিচিত এবং দু'জনেই নিজের দেশে প্রবল জনপ্রিয়।