গাজায় যুদ্ধবিরতি চলাকালেই ইজরায়েলের এয়ারস্ট্রাইকে নিহত ৫ হামাস নেতা ও ২৪ বেসামরিক নাগরিক। আহত ৫৪। দুই পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে মুখোমুখি।

ফাইল চিত্র
শেষ আপডেট: 23 November 2025 10:21
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধবিরতি চুক্তি (Ceasefire Agreement) কার্যকর থাকা সত্ত্বেও ইজরায়েল (Israel) হামাসকে (Hamas) লক্ষ্য করে গাজায় (Gaza) ফের বড় ধরনের হামলা (Airstrike) চালিয়েছে। শনিবার ইজরায়েল ডিফেন্স ফোর্সের (IDF) চালানো এই হামলায় ৫ জন সিনিয়র হামাস নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে গাজার স্বাস্থ্য আধিকারিকদের মতে, এই হামলায় বেসামরিক নাগরিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সংবাদ সংস্থা এপি (AP)-কে গাজার স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, ইজরায়েলের এই এয়ারস্ট্রাইকে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও (Children) রয়েছে বলে তাঁরা নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন (Violation of Ceasefire) করেছে এবং ইজরায়েলের দখলে থাকা এলাকায় জঙ্গি পাঠিয়ে IDF সেনা জওয়ানদের ওপর হামলা চালিয়েছে। এর জবাবে চালানো এয়ারস্ট্রাইকে হামাসের ৫ জন সিনিয়র লিডারের মৃত্যু হয়েছে।
হামাস ইজরায়েলি সেনার ওপর গুলি চালানোর এই অভিযোগ অস্বীকার করেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। চলতি বছরের ১০ অক্টোবর হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও, ইজরায়েলের এই সাম্প্রতিক হামলাগুলো সেই চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
শনিবারের হামলার আগেও ইজরায়েলি সেনা গাজায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে। শিফা হাসপাতালের (Shifa Hospital) ম্যানেজিং ডিরেক্টর মহম্মদ আবু সেলমিয়া জানিয়েছেন, বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে গাজার রিমাল এলাকায় ইজরায়েলি হামলায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। আল আওদা হাসপাতালের কাছেও ইজরায়েলি হামলায় ৩ জনের মৃত্যু ও ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।