ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলা চালানোর অভিযানের নাম কেনই বা রাইজিং লায়ন রাখলেন?

নামের কারণ খুঁজতে যেতে হবে ইতিহাসের অনেক পুরনো দিনের পাতায়।
শেষ আপডেট: 13 June 2025 16:01
দ্য ওয়াল ব্যুরো: ইরানের বুকে ইজরায়েলি হামলার অভিযান ‘অপারেশন রাইজিং লায়ন’ বা ‘জাগ্রত সিংহ’ নামটা কোথা থেকে এল? ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলা চালানোর অভিযানের নাম কেনই বা রাইজিং লায়ন রাখলেন? এই নামের কারণ খুঁজতে যেতে হবে ইতিহাসের অনেক পুরনো দিনের পাতায়।
হিব্রু বাইবেলের পাতায় রাইজিং লায়নের উল্লেখ রয়েছে। যার অর্থ হল- শক্তিশালী ইজরায়েলের বিজয়ের ভবিষ্যদ্বাণী নিশ্চিত করা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি ছবিতে দেখা যায় যে, তিনি জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল, যা কিনা ইহুদিদের সবথেকে পবিত্র প্রার্থনাস্থল, সেখানে পাথরের খাঁজে একটি হাতে লেখা কাগজের টুকরো গুঁজে দিচ্ছেন। সেটাই ছিল ইরানের বুকে হামলার পূর্ব প্রার্থনা।
শুক্রবার প্রধানমন্ত্রী দফতরের তরফে একটি ফটো প্রকাশ করা হয়। যেখানে লেখা ছিল, দেশের মানুষ সিংহের মতো ঘুম থেকে জেগে ওঠে। এই কথাটির আদি জন্মস্থল আসলে হিব্রুতে লেখা বাইবেলের ২৩:২৪ ছত্র। যেখানে লেখা রয়েছে, ‘দেখো, মানুষ একদিন বিরাট সিংহের মতো জেগে উঠবে, যুবক সিংহের মতো বিক্রমে উঠে দাঁড়াবে। সে শিকারের মাংস না খাওয়া পর্যন্ত এবং রক্তপান না করা পর্যন্ত বিশ্রাম নেবে না।‘
এই ছত্রটি হল ‘বালাম’-এর প্রথম দৈববাণীর অংশবিশেষ। বালাম ছিলেন একজন অ-ইজরায়েলি সাধু ও দেবপুত্র। যেখানে তিনি ইজরায়েলের শক্তি-সামর্থ্যের ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন। যাকে এক সিংহের প্রতাপের সঙ্গে তুলনা করা হয়েছিল। সিংহ যেমন ঘুম ভাঙার পর শিকার না করে তার রক্ত-মাংস না খাওয়া পর্যন্ত ঘুমোয় না, তারই ব্যাখ্যা ছিল তাঁর বাণীতে।
বালাম আদপেই ইজরায়েলি নন। তাঁকে বিভিন্ন জনে বিভিন্ন রকমের মর্যাদা দিয়ে থাকেন। যেমন-দেবদূত, ঈশ্বরপ্রেরিত দূত, ঈশ্বরের অবতার এমনকী শয়তানের প্রতিভূও বলেন কেউ কেউ। ঘটনার সময়কাল মোজেসের মৃত্যুর আগে-পরে। মোয়াবের রাজা বালাকের নির্দেশে বালামকে আনা হয়েছিল ইজরায়েলিদের অভিশাপ দিয়ে নিপাত ঘটাতে। কারণ মোয়াবের রাজা বালাকের ভয় ছিল ইজরায়েলিরা, যারা এর আগে আমোরিতেসের রাজ সিহন, বাসহানের রাজা ওগ-কে হারিয়ে জর্ডন নদী পার হয়ে এসেছে, তারা তাঁকে সিংহাসনচ্যুত করতে পারে।
বালাক ইজরায়েলিদের নিকেশ চাইলেও ঈশ্বর মাঝখানে এসে দাঁড়ান। বালাম ঈশ্বরের নির্দেশ ব্যতীত কিছু করেন না বলে জানিয়ে দেন রাজাকে। বরং, ঈশ্বরের নির্দেশে তিনি ইজরায়েলিদের শক্তিবৃদ্ধি আশীর্বাদ করেন। যদিও বালাম নিজে ইজরায়েলি ছিলেন না। তাঁর আস্তানা ছিল প্রাচীন পিঠোরের অর্থাৎ বর্তমান উত্তর সিরিয়া ও ইরাকের মাঝামাঝি কোনও এলাকায়।