ইজরায়েলকে সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা।

ইজরায়েলের রামাত গান এলাকায় বৃহস্পতিবার ইরানি ক্ষেপণাস্ত্র হানায় বিধ্বস্ত জায়গায় উদ্ধারকারীদল।
শেষ আপডেট: 19 June 2025 13:00
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলি হানাদারির জবাবে বৃহস্পতিবার মোক্ষম জবাব দিয়েছে ইরান। ইসলামি রেভলিউশনারি গার্ড কোর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং চর সংস্থা মোসাদের বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইজরায়েলকে সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা। রেভলিউশনারি গার্ড একদফা বাড়িয়ে জানিয়েছে, ইজরায়েলি বাহিনী এখন হয় ধীরে ধীরে মারা পড়বে নয়তো তাদের দখল করা এলাকা প্যালেস্তাইনে গিয়ে মাথা গুঁজতে হবে।
মেহর নিউজ ইরানি এলিট বাহিনীর বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, অধিকৃত প্যালেস্তাইনের ইজরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। এখন থেকে অধিকৃত এলাকার আকাশসীমা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খোলা রইল। অবৈধভাবে ইজরায়েলি দখলদারদের হুঁশিয়ারি দিয়ে রেভলিউশনারি গার্ড জানিয়েছে, এবার তারা খোলাখুলি ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। এই বার্তায় রেভলিউশনারি গার্ডের প্রাক্তন প্রধানের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়েছে তারা। বলেছে, ইহুদিদের অগুনতি অপরাধের জন্য নরকে দরজা খুলে দেবে ইরান।
ইরানি বাহিনী আরও বলেছে, নিশ্চিত থাকুন আপনারা। এবার থেকে আপনাদের এলাকায় এক সেকেন্ডের জন্যও সাইরেনের আওয়াজ থামবে না। ইহুদিদের হয় মরণ, নয়তো পলায়নের পথ বেছে নিতে হবে। এদিকে, ইজরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র বর্ষণের জবাবে ইরানি সূত্র জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তু নিরীহ মানুষ নয়। ওর কাছাকাছি ছিল ইহুদিদের গুপ্তচর বাহিনী মোসাদের সদর দফতর। আমাদের মূল নিশানা ইজরায়েলি সেনা ও গুপ্তচর সংস্থার ঘাঁটি। তারা দাবি করেছে, বিরশেবা শহরে গাব-ইয়াম টেকনোলজি পার্কে কাছে ছিল ইজরায়েলি ডিফেন্স ফোর্সের কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্সের (IDF C4I) সদর দফতর।

এই এলাকাতেই রয়েছে সোরোকা মেডিক্যাল সেন্টার। যেটি দক্ষিণ ইজরায়েলের সবথেকে বড় হাসপাতাল। সূত্রটি জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হানায় সেনা ঘাঁটি সমূলে বিনষ্ট হয়েছে। কারণ ওখানেই সরাসরি এসে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। যার আংশিক প্রভাবে হাসপাতালের সামান্য ক্ষতি হয়।
যদিও ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আলি খামেনেই বাঙ্কারে লুকিয়ে বসে থেকে ইজরায়েলের নিরীহ মানুষের উপর হামলা চালানোর নির্দেশ দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও হাসপাতালে চড়াও হওয়ার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, তেহরানের অত্যাচারী শাসকদের হাসপাতালে বোমা নিক্ষেপের চরম মূল্য দিতে হবে।