আটদিন ধরে ইরানের বুকে ক্ষেপণাস্ত্র, জেট বিমান থেকে বোমাবর্ষণ ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল।

বৃহস্পতিবার ইরানের সমর্থনে ভেনেজুয়েলার ক্যারাকাসে এক জমায়েতে শিশুর হাতে ইরানি জাতীয় পতাকা।
শেষ আপডেট: 20 June 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলি হানাদারির প্রতিবাদে শুক্রবার এক মহাকাব্যিক নমাজপাঠ হল ইরান জুড়ে। এদিন নিয়ে আটদিন ধরে ইরানের বুকে ক্ষেপণাস্ত্র, জেট বিমান থেকে বোমাবর্ষণ ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এমনকী আমেরিকার বরহস্ত মাথায় রেখে ইরানিদের শহর ছেড়ে পালানোর হুমকি দিয়েছে ইহুদি রাষ্ট্র। এদিন তারই প্রতিবাদে মুখর হয়ে ওঠে গোটা ইরান। দেশের দুঃসময়ে ঐক্যবদ্ধতার পরিচয় দিয়ে এদিন গণ নমাজপাঠের ডাক দিয়েছিল সরকার। তারই ফলশ্রুতিতে মসজিদ, মাদ্রাসা ও রাস্তাজুড়ে মানুষ নেমে এসে নমাজপাঠ করে ইজরায়েলকে ঐক্যবদ্ধতার বার্তা দেন।
নমাজের পর সর্বত্র বিশাল মিছিল বের করে ইজরায়েলের অত্যাচারী ইহুদি শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়। বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে ইরানের আকাশ। দেশের একাধিক বড় শহর যেমন- ইসফাহান, বরদাস্কান, নিশাপুর, আহভাজ, লানগারুদ, তাব্রিজ ও তেহরানে বিশাল জমায়েত হয়।
তেহরানে নমাজপাঠে অংশ নিয়ে শহরের ধর্মনেতা বলেন, ইহুদি শাসকের আশা ব্যর্থ হওয়ার শুরু আজ থেকে। ইরানে হামলার দুঃসাহস দেখালে ইহুদি শাসকদের ভবিষ্যৎ দুঃসহ করে দেওয়া হবে। ইজরায়েলি হানায় নিহত সেনা আধিকারিক, পরমাণু বিজ্ঞানী ও নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। গাজা দখল সহ অঞ্চলের বিভিন্ন জায়গাকে কবজা করতে ইজরায়েলকে সামনে রেখে প্রথমদিন থেকে এই অপরাধে শামিল হয়েছে আমেরিকা। এই পরিস্থিতি দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছেন।
এদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল রহিম মৌসাভি এদিন জোর দিয়ে বলেন, ইজরায়েলের বিরুদ্ধে আক্রমণ আরও ঘোরাল করে তোলা হবে। শীর্ষ সেনা আধিকারিক আরও বলেন, আল্লার দোয়ায় আগ্রাসী ইহুদি শাসকের যা কিছু আছে, তার সবকিছুতেই আমরা আক্রমণ চালাব। আমাদের সামনে আর কোনও বাধা নেই। প্রসঙ্গত, বুধবার রাতে ইসলামি রেভলিউশনারি গার্ড কোরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছিল, ইরানি বাহিনী এবার আরও জোরাল ক্ষেপণাস্ত্র হানা চালাতে শুরু করেছে ইজরায়েলের বুকে। সেজ্জিল টাইপের শক্তিশালী ক্ষেপণাস্ত্র চালানো হচ্ছে। একটি হল দীর্ঘপাল্লার এবং মারাত্মক শক্তিশালী ও ক্ষমতাধর ক্ষেপণাস্ত্র।