হুমকি-পাল্টা হুমকি, শান্তির বার্তা সত্ত্বেও উত্তেজনা প্রশমনের জায়গায় ক্রমশ চড়ছে যুদ্ধের পারদ।

এদিনই প্রথম ইরান ক্ষেপণাস্ত্র হানায় ক্লাস্টার বোমাবর্ষণ করে।
শেষ আপডেট: 20 June 2025 15:51
দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইজরায়েল সংঘাত এদিন শুক্রবারে অষ্টমদিনে পা দিল। বহু আলাপ-আলোচনা, হুমকি-পাল্টা হুমকি, শান্তির বার্তা সত্ত্বেও উত্তেজনা প্রশমনের জায়গায় ক্রমশ চড়ছে যুদ্ধের পারদ।
ইজরায়েলের একাধিক জায়গায় ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে বেঞ্জামিন নেতানিয়াহুও মোক্ষম জবাব দিয়ে যাচ্ছেন। এদিনই প্রথম ইরান ক্ষেপণাস্ত্র হানায় ক্লাস্টার বোমাবর্ষণ করে। তাতে ইজরায়েলের বেশ কয়েকটি জায়গায় একসঙ্গে ক্ষতি হয়েছে। পাল্টা হিসেবে ইজরায়েল এদিন দুপুরে তেহরানে ড্রোন হামলা চালায়। ঘিশা জেলার একটি আবাসিক বাড়িতে ড্রোন এসে আছড়ে পড়ে। এই হামলায় ইরানের এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে দাবি ইজরায়েলি সংবাদ মাধ্যমের।
ইজরায়েলের প্রপার্টি ট্যাক্স কমপেনসেশন ফান্ডের হিসাবে বর্তমানে প্রায় ৮,০০০ ইজরায়েলি ঘরছাড়া। ইরানি হামলায় ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় ৩০,০০০ মানুষ। যাঁদের বাড়ি-গাড়ির ক্ষতি হয়েছে। এই উত্তেজনার মধ্যেই জেনেভায় বসছে ইরানের সঙ্গে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠক। বৈঠকের আগে জার্মানির বিদেশমন্ত্রী জানান, ইরান তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রতিশ্রুতি দিতে রাজি থাকলে আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারে। তাঁর কথায়, আমরা সবসময় আলোচনায় রাজি আছি। তবে এ ব্যাপারে ইরানের সদিচ্ছাও প্রয়োজন।
অন্যদিকে, ইরানি বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভা পৌঁছেই বলেন, তিনি জেনেভায় এসেছেন ইউরোপীয়দের বক্তব্য শুনতে। কিন্তু, কোনও অবস্থাতেই ইজরায়েলি হামলার সঙ্গে আপস করা হবে না। ওরা যুদ্ধ চালাতে ইচ্ছুক হলে আমরাও প্রত্যাঘাতে তৈরি। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে কারও চাপের সামনে নতিস্বীকার করা হবে না।