মার্কিন-ইজরায়েলি যৌথ হামলা (US Israeli Strike in Iran) শুরু হওয়ার পর থেকেই ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্বব্যাপী তেলবাহী জাহাজ চলাচল প্রায় থমকে যায়।
.jpg.webp)
ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 25 March 2026 08:30
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতি (Middle East Tension) দিনে দিনে আরও অবনতির দিকে যাচ্ছে। এক মাস হতে চললেও এখনও কোনও পক্ষই পিছু হটতে চাইছে না। এদিকে হরমুজ প্রণালীর (Hormuz Pronali) অচলাবস্থা কাটাতে সবরকম রাস্তাই পরীক্ষা করে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। এরমধ্যেই ইরানের তরফে এক 'অমূল্য' উপহার এসেছে বলে দাবি করলেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প জানালেন, ইরান (Iran) আমেরিকাকে এমন এক ‘উপহার’ পাঠিয়েছে যা 'অমূল্য'। এই উপহার ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে নয়, বরং তেল–গ্যাস ও হরমুজ প্রণালীর গতিপ্রবাহ সংক্রান্ত- এমনটাই ইঙ্গিত দেন ট্রাম্প। যদিও উপহারটি কী, তা ব্যাখ্যা করতে তিনি রাজি হননি।
ট্রাম্পের দাবি কী?
হোয়াইট হাউসে (White House) সাংবাদিকদের তিনি বলেন, “তারা (ইরান) এমন এক উপহার দিয়েছে যা অবিশ্বাস্য। বিশাল মূল্যবান। এখনই জানাতে চাই না সেটি কী। কিন্তু এটি খুব বড় কিছু।” তিনি আরও জানান, এই পদক্ষেপ দেখে তাঁর মনে হয়েছে, “আমরা ঠিক লোকদের সঙ্গেই কথা বলছি।”
একাধিক প্রশ্নের পর ট্রাম্প নিশ্চিত করেন যে উপহারটি হরমুজ প্রণালীর তেল-গ্যাস পরিবহন সংক্রান্ত। পাশাপাশি তিনি দাবি করেন, ইরান ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।
হরমুজে কী ঘটছে?
মার্কিন-ইজরায়েলি যৌথ হামলা (US Israeli Strike in Iran) শুরু হওয়ার পর থেকেই ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্বব্যাপী তেলবাহী জাহাজ চলাচল প্রায় থমকে যায়। বীমা সংস্থাগুলিও ঝুঁকি নিতে চাইছে না। ফলত, আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের দাম আকাশছোঁয়া।
ট্রাম্পের ‘উপহার’ মন্তব্যের পরপরই ইরান আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে (IMO) বার্তা দিয়ে জানায়, 'অ-শত্রু জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারবে।' এই বার্তা অনেকেরই মতে, মার্কিন দাবির দিকেই ইঙ্গিত বহন করছে।
চলছে কি গোপন আলোচনাও?
ট্রাম্প জানান, ওয়াশিংটন তেহরানের (Tehran) এক শীর্ষ ব্যক্তির সঙ্গে আলোচনা করছে, যদিও ইরান কোনও আলোচনার কথা স্বীকার করেনি। উল্লেখযোগ্যভাবে, প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতা আলি খামেনেই উত্তরসূরি অর্থাৎ বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনেই বহুদিন ধরেই জনসমক্ষে আসছেন না। তবে নতুন দায়িত্ব পাওয়ার পর দেশ ও জাতির উদ্দেশে প্রথম ভাষণ রেখেছেন তিনি।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিদেশ সচিব মার্কো রুবিও, বৈশ্বিক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার- এঁরাও আলোচনায় যুক্ত বলে জানান ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন এবং ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন।
যুদ্ধবিরতির আভাস?
ট্রাম্প পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি স্থগিত করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি দ্রুত বদলাতে পারে এবং হরমুজ নিজেই খুলে যাবে।
তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রসিকতার সুরে বলেন, “আমরাও বোমা দিয়ে আলোচনা করি।”
সব মিলিয়ে, রহস্যময় ‘উপহার’, হরমুজের নিরাপত্তা বার্তা এবং গোপন আলোচনার ইঙ্গিত—সবই ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে কোনও বড় পরিবর্তন সামনে আসতে পারে।