আমেরিকায় নিখোঁজ ভারতীয় পড়ুয়া সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধার। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ।

ফাইল চিত্র
শেষ আপডেট: 15 February 2026 10:46
দ্য ওয়াল ব্যুরো: ছয় দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে মিলল দুঃসংবাদ। আমেরিকায় উদ্ধার হল ভারতীয় পড়ুয়া সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ (Saket Srinivasaiya)। কিন্তু ঠিক কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই মৃত্যুর নেপথ্যে কোনও বড় (Indian student death USA) কারণ বা ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
সাকেত ছিলেন আমেরিকার অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়-এর পড়ুয়া। গত ৯ ফেব্রুয়ারি থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বার্কলে এলাকার লেক আনজারের কাছে তাঁকে শেষবার দেখা গিয়েছিল বলে জানা যায়। এরপরই শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। আমেরিকার পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ চালাতে থাকে।
শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাস। দূতাবাসের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় পড়ুয়া সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধার করেছে পুলিশ। এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।” পাশাপাশি, সাকেতের মরদেহ যত দ্রুত সম্ভব ভারতে ফিরিয়ে আনার জন্য সবরকম সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, সাকেতের নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন তাঁর রুমমেট বনিত সিং। তিনি সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। সেই পোস্টের পরই বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করে।
উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালে ভারতের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন সাকেত। এরপর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আমেরিকায় পাড়ি দেন তিনি। কিন্তু সেই স্বপ্নের পথই হঠাৎ থেমে গেল অকাল মৃত্যুর মধ্য দিয়ে।