প্রত্যক্ষদর্শীদের অভিযোগ— ছিন্ন মুণ্ডে লাথি মেরে তা নিয়ে এগোচ্ছিলেন ওই যুবক, জঞ্জালের স্তূপের দিকে। সেই সময়েই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 12 September 2025 09:45
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার মাটিতে ফের ভারতীয়কে খুন। তাও আবার এতটা নৃশংস ভাবে যে, তা দেখে শিউরে উঠছে গোটা প্রবাসী মহল (Indian Man Beheaded In US Motel)।
সংবাদসংস্থা সূত্রের খবর, কর্নাটকের বাসিন্দা চন্দ্র নাগামাল্লাইয়াহ (৫০), যিনি দীর্ঘদিন ধরে ডালাসে একটি ছোট হোটেল চালাতেন, তাঁরই মাথা কেটে নিলেন হোটেলেরই কর্মচারী ইয়োরডানিস কোবোস-মার্টিনেজ (৩৭)। শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীদের অভিযোগ— ছিন্ন মুণ্ডে লাথি মেরে তা নিয়ে এগোচ্ছিলেন ওই যুবক, জঞ্জালের স্তূপের দিকে। সেই সময়েই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় হোটেলের ভাঙা ওয়াশিং মেশিন (Washing Machine) ঘিরেই শুরু হয় বিবাদ। মালিক নাগামাল্লাইয়াহ কর্মচারীকে সেটি ব্যবহার করতে বারণ করেন। প্রথমে ভাষাগত সমস্যায় নির্দেশ বুঝতে না পেরে অভিযুক্ত অন্য কর্মচারীর সাহায্য নেন। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই হঠাৎই ক্ষিপ্ত হয়ে ধারাল অস্ত্র হাতে নেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রৌঢ়কে এলোপাথাড়ি কোপাতে থাকেন কোবোস-মার্টিনেজ। রক্তাক্ত অবস্থায় প্রাণ বাঁচাতে ছুটে পালাতে চেয়েছিলেন নাগামাল্লাইয়াহ, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যান। তাঁর স্ত্রী ও ১৮ বছরের ছেলেও ছুটে এসে হামলাকারীকে আটকাতে চেষ্টা করেন, কিন্তু তাঁদের ধাক্কা মেরে সরিয়ে দেয় অভিযুক্ত। এরপরই ঘটে যায় ভয়াবহ হত্যাকাণ্ড।
ঘটনার জেরে এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়ায়। ছিন্ন মুণ্ড নিয়ে রাস্তায় হাঁটার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও তার সত্যতা এখনও যাচাই হয়নি। পুলিশের দাবি, গ্রেফতারের সময় অভিযুক্তের পোশাক রক্তমাখা ছিল। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছে মার্কিন মুলুকে ভারতীয় দূতাবাস। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘চন্দ্র নাগামাল্লাইয়াহ-র দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর পরিবারকে সবরকম সাহায্য করা হবে। অভিযুক্ত ইতিমধ্যেই পুলিশের হেফাজতে আছে। বিষয়টি আমরা নজরে রাখছি।’’