পুলিশ সূত্রে খবর, ওই পরিবার একটি গাড়িতে করে আত্মীয়দের বাড়ি থেকে ডালাস ফিরছিল। সেই সময় একটি মিনি ট্রাক, যা উল্টো দিক থেকে আসছিল বলে সন্দেহ, সরাসরি গাড়িটিকে ধাক্কা মারে।

গাড়ি দুর্ঘটনায় শেষ গোটা পরিবার
শেষ আপডেট: 8 July 2025 11:15
দ্য ওয়াল ব্যুরো: হইহই করে আমেরিকায় ছুটি (America Tour) কাটাতে গিয়েছিলেন। ঘোরাঘুরির আনন্দের মাঝে যে এত বড় দুঃস্বপ্ন অপেক্ষা করছিল, তা কেউ কল্পনাও করেননি। সোমবার, আমেরিকার ডালাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় (Car Accident) পুড়ে ছাই হয়ে গেল গোটা পরিবার। এক সঙ্গে প্রাণ হারালেন দম্পতি ও তাঁদের দুই সন্তান।
দুর্ঘটনাটি ঘটে টেক্সাসের গ্রিন কাউন্টিতে। পুলিশ সূত্রে খবর, ওই পরিবার একটি গাড়িতে করে আত্মীয়দের বাড়ি থেকে ডালাস ফিরছিল। সেই সময় একটি মিনি ট্রাক, যা উল্টো দিক থেকে আসছিল বলে সন্দেহ, সরাসরি গাড়িটিকে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় গাড়িতে। গাড়ির ভিতরে আটকে পড়ে চার জনই জ্যান্ত পুড়ে যান।
পুলিশ জানিয়েছে, গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় মৃতদেহ শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। মূলত হাড়গোড়ের নমুনাই উদ্ধার হয়েছে। ডিএনএ পরীক্ষা করে দেহ শনাক্তের চেষ্টা চলছে।
হায়দরাবাদের (Hyderabad) তেজস্বিনী, শ্রী ভেঙ্কট এবং তাঁদের দুই সন্তান সম্প্রতি আটলান্টা গিয়েছিলেন আত্মীয়দের সঙ্গে দেখা করতে। সেখান থেকে ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
দুঃখজনক হলেও এমনটা প্রথম নয়। গত কয়েক মাসে আরও কয়েকটি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে একাধিক ভারতীয়ের। ২০২৪ সালের সেপ্টেম্বরে টেক্সাসে চার ভারতীয় নাগরিক পুড়ে মারা যান এক মাল্টি-ভেহিকল সংঘর্ষে।
তাছাড়াও, অগস্ট মাসেই টেক্সাসে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও তাঁদের মেয়ে। তাঁদের একমাত্র ছেলে কোনওক্রমে বেঁচে যায়। প্রবাসে ক্রমশ বেড়ে চলা এই ধরনের সড়ক দুর্ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।