আগামী বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্কের ৯০ দিনের স্থগিতাদেশের সময়সীমা শেষ হচ্ছে। তার আগেই সোমবার ফের কড়া অবস্থান নিলেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 7 July 2025 23:48
দ্য ওয়াল ব্যুরো: জাপান (Japan) ও দক্ষিণ কোরিয়ার (South Korea) পণ্যের উপর ২৫ শতাংশ নতুন আমদানি শুল্ক (Tariff) বসানো হবে। সোমবার এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পাশাপাশি, তাঁর এও হুঁশিয়ারি, ভারত-সহ ‘ব্রিকস’ গোষ্ঠীর দেশগুলির উপর ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করতে পারেন তিনি! সেক্ষেত্রে ভারতকে (India) ১০ বাড়তি শুল্ক দিতে হবে।
আগামী বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্কের ৯০ দিনের স্থগিতাদেশের সময়সীমা শেষ হচ্ছে। তার আগেই সোমবার ফের কড়া অবস্থান নিলেন ট্রাম্প। জানিয়েছেন, ২৫ শতাংশ শুল্কের কথা জাপান ও দক্ষিণ কোরিয়াকে জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের উপর অতিরিক্ত শুল্ক বসানোর কথা ভাবা হচ্ছে।
যদিও ভারতের ক্ষেত্রে শুল্ক নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। কারণ, সময়সীমা শেষের দু’দিন আগেও ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির খসড়া নিয়ে ঐকমত্য হয়নি। হোয়াইট হাউসের (White House) প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ‘‘বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। আমরা আশাবাদী, ফল মিলবেই।’’
তবে মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক স্পষ্ট করেছেন, স্থগিতাদেশ শেষ হলেই শুল্ক কার্যকর হচ্ছে না। নতুন শুল্কহার চালু হবে ১ অগস্ট থেকে। তবে ট্রাম্প এখনও থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর ‘পাল্টা শুল্কে’র সিদ্ধান্তের ঘোষণা করেন ট্রাম্প। সেই তালিকায় ছিল ভারত, ইজরায়েলও। ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক, চিনের উপর ২০ শতাংশ, ভিয়েতনামের উপর ৪৬ শতাংশ, জাপান ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়া ২৫ শতাংশ, ব্রিটেন ১০ শতাংশ, থাইল্যান্ড ৩৬ শতাংশ, সুইৎজ়ারল্যান্ড ৩১ শতাংশ চাপায় আমেরিকা। পরে ৯০ দিনের জন্য এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয়।
এই তিন মাসে অনেক দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছে। চিন ইতিমধ্যেই একটি চুক্তিতে সম্মত হলেও ভারতের সঙ্গে এখনও কোনও চুক্তি চূড়ান্ত হয়নি। সেক্ষেত্রে অনুমান, ভারতের ওপর শুল্ক-চাপ বাড়তে পারে।