আরব দুনিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে সৌদি আরবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে দু’জনের মৃত্যু হয়েছে
শেষ আপডেট: 9 March 2026 00:33
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ায় বাড়তে থাকা উত্তেজনার (Middle East Tensions) আবহে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে দু’জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক (Indian killed in Saudi Arabia missile strike)। রবিবার সৌদি আরবের একটি আবাসিক এলাকায় একটি ক্ষেপণাস্ত্রের অংশ আছড়ে পড়লে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সে দেশের সিভিল ডিফেন্স।
সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি ঘটেছে রবিবার সকালে আল-খার্জ শহরে (Al Kharj missile strike Saudi Arabia)। সেখানে একটি রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিষেবা সংস্থার আবাসিক কমপ্লেক্সে ওই ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এর জেরে ঘটনাস্থলেই দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়। মৃতদের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশের নাগরিক।
একটি বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স জানায়, এই ঘটনায় মোট ১২ জন আহত হয়েছেন। আহতদের সকলেই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া বিস্ফোরণের ফলে আবাসিক কমপ্লেক্সে উল্লেখযোগ্য পরিমাণে সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়েছে।
সৌদি আরবের সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে জানায়, “আল-খার্জ গভর্নরেটে একটি রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সংস্থার আবাসিক এলাকায় একটি ক্ষেপণাস্ত্র পড়ার খবর পেয়ে সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় ভারতীয় ও বাংলাদেশি দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি ১২ জন বাংলাদেশি বাসিন্দা আহত হয়েছেন এবং সম্পত্তিরও ক্ষতি হয়েছে।”
সিভিল ডিফেন্সের তরফে আরও বলা হয়েছে, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তবে এখনও পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি প্রশাসন।
সৌদি আরবে ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ
আরব দুনিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে সৌদি আরবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস।
দূতাবাসের তরফে বলা হয়েছে, বর্তমানে সৌদি আরবে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে সতর্ক থাকতে হবে এবং স্থানীয় প্রশাসনের জারি করা নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে। একই সঙ্গে ভারতীয় দূতাবাস ও স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যে পরামর্শ দেওয়া হচ্ছে, সেগুলিও নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।
ভারতীয় দূতাবাস জানায়, রিয়াধে দূতাবাসের কাজকর্ম এবং জেদ্দায় ভারতীয় কনস্যুলেট জেনারেলের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। পাশাপাশি ভিএফএস-এর মাধ্যমে আউটসোর্সড পরিষেবাও আগের মতো চালু রয়েছে। নিয়মিতভাবে কনস্যুলার ক্যাম্পও আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
দূতাবাস আরও জানিয়েছে, রিয়াধ, জেদ্দা এবং দাম্মাম থেকে ভারতের বিভিন্ন শহরের মধ্যে এখনও একাধিক বিমান পরিষেবা চালু রয়েছে। ভারতীয় ও সৌদি, উভয় দেশের বিমান সংস্থাই জেদ্দা ও মদিনা থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিষেবা পুনরায় শুরু করেছে।
যে ভারতীয় নাগরিকেরা দেশে ফিরতে চান, তাঁরা আসন খালি রয়েছে কি না তা দেখে এই বিমানগুলির মাধ্যমে ভারতে ফিরতে পারবেন বলেও জানিয়েছে দূতাবাস।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে চরমে ওঠে। সেই দিন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথভাবে ইরানের উপর সমন্বিত হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের উপর চাপ বাড়িয়ে নতুন করে পারমাণবিক চুক্তিতে রাজি করানোর চেষ্টা করছিলেন বলে জানা যায়।
এই হামলার পাল্টা জবাব দিতে দ্রুতই প্রতিক্রিয়া জানায় ইরান। তার জেরে সংঘাত দ্রুত গোটা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।