বিশ্লেষকদের মতে, এই অভিযোগ আসলে পাকিস্তান সেনার ‘ডিফল্ট রিঅ্যাকশন’। দেশের ভেতরে জঙ্গি দৌরাত্ম্য ও ব্যর্থ প্রশাসনিক নিয়ন্ত্রণ আড়াল করার চেষ্টা করছে ইসলামাবাদ।

আহমেদ শরিফ চৌধুরী
শেষ আপডেট: 10 October 2025 22:05
দ্য ওয়াল ব্যুরো: দেশের ক্রমবর্ধমান নিরাপত্তা সঙ্কট ঘিরে আতঙ্কে জর্জরিত পাকিস্তান (Pakistan) আবারও পুরনো কৌশলেই ফিরেছে। নিজেদের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে তারা। এবার সে দেশের সেনা ভারতের (India) বিরুদ্ধে বিরাট অভিযোগ তুলেছে। দাবি, আফগানিস্তানকে (Afghanistan) ব্যবহার করে নাকি ভারত পাকিস্তানে সন্ত্রাস (Terrorism) চালাচ্ছে।
পেশোয়ারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের সেনা মুখপাত্র তথা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই মন্তব্য করেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্রমবর্ধমান জঙ্গি হামলা ও অস্থিতরতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনেন।
বিশ্লেষকদের মতে, এই অভিযোগ আসলে পাকিস্তান সেনার ‘ডিফল্ট রিঅ্যাকশন’। দেশের ভেতরে জঙ্গি দৌরাত্ম্য ও ব্যর্থ প্রশাসনিক নিয়ন্ত্রণ আড়াল করার চেষ্টা করছে ইসলামাবাদ (Islamabad)। কারণ সাম্প্রতিক সপ্তাহগুলিতে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। কাবুলে পাকিস্তানি বিমানবাহিনীর হামলার অভিযোগ উঠেছে, যা ছিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর ঘাঁটিগুলিকে টার্গেট করে।
এই হামলার সময়েই ভারত সফরে রয়েছেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি (Amir Khan Muttaqi)। দিল্লি ও কাবুলের এই ঘনিষ্ঠতা ইসলামাবাদের অস্বস্তি আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবাদের পুনরুত্থানের পেছনে একাধিক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম, ভারতের পক্ষ থেকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো। তিনি আরও দাবি করেন, আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানে রয়ে যাওয়া আধুনিক অস্ত্র এখন জঙ্গিদের হাতে চলে গেছে।
চৌধুরীর দাবি, আফগানিস্তানে এখন টিটিপি, ইসলামিক স্টেট-খোরাসান (IS-K) ও বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA)-সহ প্রায় সব জঙ্গি সংগঠন সক্রিয়। তাঁর ভাষায়, “এই গোষ্ঠীগুলির কোনও ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয় নেই - তারা শুধু টাকার বিনিময়ে কাজ করে।”
তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তানের তরফে এমন অভিযোগ সেই সময়ে করা হল যখন ভারতের মাটিতে দাঁড়িয়ে আফগান মন্ত্রী তাদের উদ্দেশে সন্ত্রাসবাদ রুখতে কড়া বার্তা দিয়েছেন। আমির খান মুতাক্কির বক্তব্য, ''গত চার বছরে আফগানিস্তান থেকে লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের মতো সব জঙ্গি সংগঠনকে নির্মূল করেছে তালিবান সরকার। আফগান মাটিতে এখন এক ইঞ্চি জায়গাও কোনও জঙ্গি গোষ্ঠীর দখলে নেই।''
পাকিস্তানকে তাঁর বার্তা - আফগানিস্তানের মতোই অন্য দেশগুলিকেও শান্তির (Peace) জন্য জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সম্প্রতি কাবুলে বিস্ফোরণ (Kabul Blast) ঘটেছে। দিল্লিতে যৌথ সাংবাদিক বৈঠকে মুতাক্কি এই প্রসঙ্গে অভিযোগ করে বলেন, কাবুলে সাম্প্রতিক বিস্ফোরণের পিছনে পাকিস্তানের হাত রয়েছে। তাঁর বক্তব্য, “সীমান্তের কাছে প্রত্যন্ত এলাকায় হামলার ঘটনা ঘটেছে। আমরা মনে করি, এটি পাকিস্তানের ভুল পদক্ষেপ। সমস্যার সমাধান এভাবে হয় না। আলোচনা ছাড়া পথ নেই। আফগানিস্তান ৪০ বছর পরে শান্তি ও অগ্রগতির পথে হাঁটছে। এতে কারও আপত্তি থাকা উচিত নয়।”