বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, ওষুধ শিল্প থেকে শুরু করে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার দিকেই জোর দেওয়া হয়েছে বৈঠকে।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে মুখোমুখি বৈঠক।
শেষ আপডেট: 23 September 2025 08:18
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে (New York) মুখোমুখি বৈঠক করলেন মার্কিন (USA) বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio) ও ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, ওষুধ শিল্প থেকে শুরু করে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার দিকেই জোর দেওয়া হয়েছে বৈঠকে।
সোমবার বৈঠকের পরে সোশ্যাল মিডিয়া এক্স-এ রুবিও লিখেছেন, “ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে UNGA-য় দেখা হল। বাণিজ্য, জ্বালানি, ওষুধ, গুরুত্বপূর্ণ খনিজ-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি। উভয় দেশের সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করব।”
মার্কিন বিদেশ দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ককে “ওয়াশিংটনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলে আখ্যা দিয়েছেন রুবিও। শুধু তাই নয়, দুই দেশ একসঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্বাধীন ও উন্মুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে জয়শঙ্করও এক্স-এ পোস্ট করে বৈঠককে “গঠনমূলক” বলে বর্ণনা করেন। তাঁর কথায়, “নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা হল। আমাদের আলোচনায় উঠে এসেছে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক নানা ইস্যু। অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে স্থায়ী যোগাযোগের গুরুত্বের বিষয়ে আমরা একমত হয়েছি।”
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর উচ্চ হারে শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক কিছুটা টানাপড়েনের মধ্য দিয়ে গিয়েছিল। তবুও, সাম্প্রতিক আলোচনাকে দুই দেশের সম্পর্কে নতুন গতি ফেরানোর পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
জানা যাচ্ছে, এর আগে চলতি বছরের জুলাইয়ে ওয়াশিংটনে হওয়া দশম কোয়াড বিদেশমন্ত্রী বৈঠক-এ তাঁদের মুখোমুখি হওয়া গিয়েছিল। তবে সাম্প্রতিক বৈঠকই ভারতের উপর ট্রাম্পের শুল্কনীতি চাপানোর পর প্রথম সরাসরি সাক্ষাৎ। রাষ্ট্রপুঞ্জে সাধারণ পরিষদের উচ্চস্তরের সাধারণ বিতর্ক শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর।