পাকিস্তান (Pakistan) কিছু করার আগেই ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত হয়েছিল বায়ুসেনা ঘাঁটি, মেনে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pak PM Shehbaz Sharif)। আজারবাইজানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, গুঁড়িয়ে যাওয়া বিমানবন্দরের মধ্যে ছিল রাওয়ালপিন্ডিও।

শাহবাজ শরিফ
শেষ আপডেট: 29 May 2025 19:35
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান (Pakistan) কিছু করার আগেই ভারতের ব্রহ্মোস (Brahmos) ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত হয়েছিল বায়ুসেনা ঘাঁটি, মেনে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pak PM Shehbaz Sharif)। আজারবাইজানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, গুঁড়িয়ে যাওয়া বিমানবন্দরের মধ্যে ছিল রাওয়ালপিন্ডিও।
শাহবাজ বলেন ৯ ও ১০ মে মাঝ রাতে পাকিস্তান ভেবেছিল ভারতকে উচিত জবাব দেবে। সেই মতো পাক সেনা ভোর সাড়ে ৪টের নমাজ প্রার্থনার শেষে নয়াদিল্লির আগ্রাসনের জবাব দেবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগেই ভারত ব্রহ্মোস হামলা চালায়।
বস্তুত, ২২ এপ্রিল পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটককে নৃশংস ভাবে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন। সেই হামলার জবাবে ৭ মে ভোর রাতে অপারেশন সিঁদুর চালায় ভারত। পালটা হামলা চালায় পাকিস্তানও। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের একের পর এক বায়ু সেনাঘাঁটি।
ভারত-পাক সংঘাত পরবর্তী সময়ে চতুর্দেশীয় সফরে গিয়েছেন শাহবাজ। সংঘাতের সময়ে যে দেশগুলি পাকিস্তানকে সমর্থন করেছিল, তাদের ধন্যবাদ জানাতে পাক প্রধানমন্ত্রীর এই সফর। প্রথমে তুরস্ক, তারপর সেখান থেকে ইরানে যান তিনি। সেখান থেকে বুধবার পৌঁছেছেন আজারবাইজানে।
বুধবার আজারবাইজানের লাচিন শহরে একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন শাহবাজ। সেখানে ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং পাকিস্তানের আর এক 'বন্ধু' দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্দোয়ান। তাঁদের পাশে নিয়েই সিন্ধু জল চুক্তি স্থগিত করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, তাকে 'দুর্ভাগ্যজনক' বলে উল্লেখ করেন তিনি।